আমি তো জেলের তালা খুলে আনতে পারব না: খালেদাকে নিয়ে হাসিনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি তো জেলের তালা খুলে তাকে বের করে আনতে পারবেন না।
আদালতের রায়ে দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতেই ফায়সালা হবে বলে মন্তব্য করেন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর থেকে সাড়ে তিন মাসের বেশি পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।
ওই মামলায় জামিন পেলেও ২০১৫ সালে কুমিল্লায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপে আটজনের প্রাণহানির ঘটনায় দুই মামলা এবং নড়াইলে মানহানির মামলাসহ আরও কয়েকটি মামলায় বিএনপি নেত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর মধ্যে কুমিল্লার দুই মামলায় সোমবার হাই কোর্ট খালেদাকে ছয় মাসের জামিন দিলে তা আবার চেম্বার আদালত স্থগিত করে দেয়।
কারাবন্দি খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়
ভারত সফর নিয়ে বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে এলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে শেখ হাসিনা বলেন, “ওনাদের মুক্তি চাইতে হল কেন? বিএনপির উকিলরা প্রমাণ করতে পারেন নাই যে এতিমের টাকা ওনার (খালেদা জিয়া) অ্যাকাউন্টে যায়নি।”
খালেদা জিয়ার শাস্তির বিষয়টি আদালতের বিষয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমার তো সাজা দেওয়ার এখতিয়ার নেই। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাক।”
খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে তিনি বলেন, “আমি তো জেলের তালা খুলে আনতে পারব না।”
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি নেতারা বলছেন, দেশের স্বার্থে নয়, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা এই সফর করেছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়া কি ভারতে যায়নি? জিয়া ক্ষমতা দখলের দুই বছরের মধ্যে ১৯৭৭ সালের ডিসেম্বরে ভারত গেছে।
“ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা ভারত গিয়েছিলেন।”
শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো ঘোষণা না আসায় প্রধানমন্ত্রীর সমালোচনায় উচ্চকণ্ঠ হয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, “রিজভীকে এক বালতি পানি পাঠিয়ে দেওয়া উচিত।”
মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক জনতা লীগ, আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও বি চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ নিয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে একটি রাজনৈতিক জোট হয়েছে। মঙ্গলবার বিকল্পধারার ইফতার মাহফিলে এই জোটকে ‘নিউক্লিয়াস’ অভিহিত করে এর প্রধান বি চৌধুরী বলেন, তারা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেবেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়। তবে জিরো প্লাস জিরো জিরোই হয়। কেউ ক্ষমতায় এসে অগ্নিসংযোগ করুক, এটা চাই না। নতুন জোট করেছে ভালো।”
ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে মঙ্গলবার ইঙ্গিত দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এতে করে তৃণমূলের নেতারা বঞ্চিত হবে কি না-সে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিদের মনোনয়ন দেওয়া হয়। তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকে; তারা দেশের জন্য সম্মান এনেছে।”
‘টাকা দিয়ে নোবেল চাই না’
সংবাদ সম্মেলনে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার প্রশ্ন করতে দাঁড়িয়ে শেখ হাসিনার শান্তিতে নোবেলের জন্য লবিংয়ের প্রস্তাব দেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি ক্ষমা চেয়ে নিচ্ছি; এই ধরনের প্রবৃত্তি আমার নেই। লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য নেই। আমি এর পক্ষে না।”
নোবেল পুরস্কারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে তার নামে প্রস্তাব গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “যে টাকা (লবিংয়ের জন্য) খরচ হবে, তা গরিব মানুষকে দেব।”
