মাদকমুক্ত দেশের সঙ্গে ইনসাফও চাই: ফখরুল
সরকার ‘বন্দুক যুদ্ধের’ নামে মিথ্যা কথা বলে ‘বিচারবহির্ভূত হত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানে আসলে কাদেরকে ‘হত্যা’ করা হচ্ছে- সেই প্রশ্ন তুলে তিনি বলেছেন, “আমরা সবাই মাদকের বিরুদ্ধে। আমরা চাই, দেশ পুরোপুরিভাবে মাদকমুক্ত হোক। একইসঙ্গে আমরা দেশে ন্যায়বিচার, ন্যায়ের শাসন দেখতে চাই। আমরা ইনসাফ দেখতে চাই।”
সারা দেশে মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনার প্রেক্ষাপটে সোমবার এক ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুলের এমন মন্তব্য আসে।
তিনি বলেন, “আপনারা লক্ষ্য করছেন, গত কয়েকদিন ধরে যেভাবে হত্যা করছে বিনা বিচারে… মাদক সেবনকারী বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা (সরকার) আসলে কাদেরকে হত্যা করছে? তারা ভাবছেন আমরা কিছুই জানতে পারছি না। আমরা শুধু এটুকু জানছি, বিনাবিচারে বন্দুকযুদ্ধের নাম বলে মিথ্যা কথা বলে তাদেরকে হত্যা করা হচ্ছে।”
প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি মাসে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটছে। এসব ঘটনায় গত নয় দিনেই অন্তত ৯১ জন নিহতের খবর এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে।
আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে মাদক চোরাকারবারিদের দমন করছে- তা নিয়ে সংশয় প্রকাশ করে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকারকর্মীরা।
অন্যদিকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোচ্ছে সরকার। আর এই অভিযান নিয়ে জনগণও খুশি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গণমাধ্যমের ওপর ‘চাপ’ থাকায় সত্য বেরিয়ে আসতে পারছে না। যারা সত্য কথা বলছেন, তারা হুমকির শিকার হচ্ছেন, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হচ্ছেন।
“আমরা শুনেছি, কয়েকদিন আগে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যারা সত্য কথাগুলো বলেছিলেন, নিউজ করতে গিয়েছিলেন, তাদের অনেকে চাকরিচ্যুত হয়েছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ‘বিভিন্ন কৌশলে’ কারাগারে আটকে রাখতে চাইছে অভিযোগ করে ফখরুল বলেন, “এটাকে ফ্যাসিবাদ ছাড়া অন্য কিছু বলার উপায় নেই।”
খালেদা জিয়াকে মুক্ত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আসুন আজকে জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্য দিয়ে সমাজের সকল পেশা ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা সকলে একযোগে আন্দোলন করি- এটাই হোক আমাদের প্রত্যাশা।”
বিএফইউজে ও ডিইউজের বিএনপি সমর্থিত অংশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফইজের সভাপতি রুহুল আমিন গাজী।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকতউল্লাহ বুলু, জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
