২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ জয় করলেও মন জয় করতে পারেনি সরকার: এরশাদ

মহাকাশ জয় করলেও বর্তমান সরকার দেশের মানুষের মন জয় করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

আগের রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের পরদিন শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এরশাদ বলেন, “বর্তমান সরকার সমুদ্র বিজয় করেছে, মহাকাশও বিজয় করেছে, কিন্তু দেশের মানুষের হৃদয় জয় করতে ব্যর্থ হয়েছে।”

গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

ওই অনুষ্ঠানে এরশাদ বলেন, “দেশের মানুষের হৃদয় জয় করেছে জাতীয় পার্টি। শত অত্যাচার আর নিপীড়নের পরও শুধু মানুষের ভালোবাসায় বেঁচে আছে জাতীয় পার্টি। তাই প্রতিদিনই দলে দলে মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।”

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য এটিএম আমিনুল ইসলাম পিন্টু, জাতীয় পার্টির (জেপি) যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান লিপটন ও প্রকৌশলী মহিউল ইসলাম জাপায় যোগ দেন।

রোহিঙ্গা প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন, “আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টির সরকার রোহিঙ্গাদের সব দায়িত্ব নেবে।

“দেশের মানুষকে আর বোঝাতে হবে না, তারা বুঝে গেছে আওয়ামী লীগ ও বিএনপি দিয়ে দেশের দুর্নীতি, দুঃশাসন, দলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা যাবে না। মানুষ বুঝেছে, এখন পরিবর্তন আনতে হবে এবং তা জাতীয় পার্টির পক্ষেই সম্ভব।”

আগামী নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের আরও অনেক নেতা-কর্মী তার দলে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন সাবেক সামরিক শাসক এরশাদ।

তিনি বলেন, “মানুষের জীবনের নিরাপত্তা নেই। ঘরে থাকলে খুন আর ধর্ষণ, আর রাস্তায় বের হলেই গাড়ির চাকায় পিষ্ট হওয়ার আশঙ্কা। দেশে সুশাসনের অভাব, কেবল জাতীয় পার্টিই দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে সমর্থ।”

দলের নেতা-কর্মীদের এরশাদ ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।