২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা অসুস্থ বলে নেওয়া হয়নি আদালতে

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি খালেদা জিয়ার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিনের মেয়াদ বেড়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 06:03 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত এই আদালতে বৃহস্পতিবার খালেদাকে হাজির করার কথা থাকলেও অসুস্থতার কারণে তা করা যায়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামান দাতব্য ট্রাস্টের মামলায় খালেদাকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন বাড়িয়ে দেন।

এই বিচারকই এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারি ওই রায়ের পর থেকে নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন।

এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিনের বিষয়ে এখনও সুরাহা না হওয়ায় দাতব্য ট্রাস্টের এই জামিন আদেশের ফলে তার অবস্থার কোনো হেরফের হচ্ছে না।

আখতারুজ্জামানের আদালতে বৃহস্পতিবার দাতব্য ট্রাস্ট মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল।

আসামি খালেদাকে কারাগার থেকে হাজির না করে হাজতি পরোয়ানা (কাস্টডি ওয়ারেন্ট) পাঠায় কারা কর্তৃপক্ষ। পরোয়ানায়  লেখা ছিল, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।

Image
কারাবন্দি খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয় (ফাইল ছবি)

কারাবন্দি খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয় (ফাইল ছবি)

৭৩ বছর বয়সী খালেদা বন্দি হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসায় মেডিকেল বোর্ডও গঠন করা হয়। তার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা উদ্বেগ জানিয়ে আসছেন।

খালেদাকে হাজির না করার পর তার আইনজীবীরা দাতব্য ট্রাস্ট মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৪ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন বলে তার অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরুত্তাপ পরিবেশে আদালত চলে। স্বল্প সময়ে বিচারক আসন ছেড়ে খাসকামরায় চলে যান। তেমন কিছু শুনানি আমরা করিনি।”

খালেদার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারও এজলাসে উপস্থিত ছিলেন।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের অভিযোগে খালেদাসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ চার আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার।

পুরনো খবর:

খালেদার জামিন প্রশ্নে রায় ১৫ মে