আ. লীগের অভিযোগের পর খুলনায় ইসির যুগ্মসচিব
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগ পক্ষপাতের অভিযোগ তোলার পর সেখানে যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণের ছয় দিন আগে বুধবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে খুলনার রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসে।
ভোটের আগে পুলিশ খুলনায় বিরোধী নেতা-কর্মীদের ঘরে থাকতে দিচ্ছে না বলে বিএনপি অভিযোগ করে আসার মধ্যে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলল ক্ষমতাসীন দল।
এরপর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের বলেন, কমিশন রিটার্নিং কর্মকর্তাকে ‘সহায়তার জন্য’ যুগ্মসচিব (চলতি দায়িত্ব) পর্যায়ের ইসির নিজস্ব একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।
“এই প্রথম রিটার্নিং কর্মকর্তা (ইউনুচ আলী) হয়েছেন, ওই নির্বাচন কর্মকর্তা অনেক কিছু ভালোভাবে ডিল করতে পারেননি, সুন্দরভাবে হয়নি। কিছু সীমাবদ্ধতাও ছিল। এখন আইন মোতাবেক তাকে সহায়তা করবেন ইসির যুগ্মসচিব।”
ইউনুচ আলী খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। গত ৩১ মার্চ ভোটের তফসিল ঘোষণার সময় তাকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
ইউনুচ আলীর বিএনপি আমলে নিয়োগের বিষয়টি সাংবাদিকদের জানান ইসিতে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।
তিনি বলেন, “এ কর্মকর্তা সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন ও দলীয় ক্যাডার। তার অতীতে কলুষিত; দলীয় বিবেচনায় বিএনপি-জামায়াত শাসনামলে নিয়োগ পেয়েছে। এমন রিটার্নিং কর্মকর্তার প্রতি আমরা অনাস্থা জানিয়েছি।”
আওয়ামী লীগের প্রতিনিধি দল খুলনার রিটার্নিং কর্মকর্তার প্রতি অনাস্থা জানানোর পাশাপাশি ১২টি দাবি সিইসির সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, “খুলনায় প্রার্থীদের প্রচারে সবার জন্য সমান সুযোগ নেই। আমাদের মন্ত্রী-এমপিরা প্রচারণায় যেতে পারছেন না; বিএনপির কেন্দ্রীয় নেতারা ঝাঁকে ঝাঁকে অংশ নিচ্ছেন।
“প্রচারণায় এ অসম ব্যবস্থা বিরাজ করছে। আমাদের প্রচারণা বহুলাংশে ব্যাহত হচ্ছে; যাতে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হচ্ছে না। কমিশনকে বলেছি, আচরণবিধি সংশোধন করতে হবে। এখন না হলে আগামীতে যাতে স্থানীয় নির্বাচনে এমপিরা অংশ নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।”
সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, চিহ্নিত প্রিজাইডিং কর্মকর্তাসহ দলীয় ব্যক্তিদের ভোটের কাজ থেকে বিরত রাখার দাবিও জানায় ক্ষমতাসীন দল।
ইসি সচিব বলেন, “প্রতিনিধি দল যেসব দাবি নিয়ে এসেছেন, কমিশন সব শুনেছেন। বিষয়গুলো বিবেচনার জন্য আশ্বস্ত করা হয়েছে।”
