আর কী ম্যাজিক সরকার দেখায়: রিজভী
গাজীপুরের ভোট স্থগিতে সরকারের দুরভিসন্ধি ছিল দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ও সংশয় প্রকাশ করছেন।
তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “সরকার একটা ভয়ঙ্কর জঘন্যতম খেলায় মেতে উঠেছে খুলনার সিটি নির্বাচন নিয়ে।
“গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ঘটনার মধ্য দিয়ে আমরা যেটি দেখলাম, সেখানে আরেকটি কোনো খেলা, আরেক কোনো ম্যাজিক দেখাবেন কি না সরকার, এটা নিয়ে জনগণ উৎকণ্ঠিত।”
১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু আসন সীমানা জটিলতায় হাই কোর্ট গাজীপুরের নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে। তাই এখন শুধু খুলনায় ভোট হবে।
রিজভী বলেন, “খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কোনো দুরভিসন্ধিমূলক পথনকশা সরকার করছে। এই নির্বাচনের কী পরিণতি হবে, সেটা আমরা জানি না।
“আমরা খবর পাচ্ছি গতকাল (সোমবার) খুলনায় ২০০টি বাড়িতে হানা দিয়েছে পুলিশ। হানা দেওয়ার পরে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে বলা হয়েছে যে, তারা এই নির্বাচনী এলাকায় থাকতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে পথনকশাটি কোন দিকে?”
জামিনে কারামুক্তির পর বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ফের যশোরের কারা ফটক থেকে গ্রেপ্তার, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, ফেনী জেলা ছাত্রদল নেতা লুৎফর রহমান রহমান রতন, নেত্রকোনোর সাবেক ইউপি চেয়ারম্যান এম এ জি হায়দার শামীম এবং জাগপা নেতাকে সাইদুজ্জামান কবিরের গ্রেপ্তারের নিন্দাও জানান রিজভী।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সামিউল আলম সোহানের উপর দুর্বৃত্তদের হামলার নিন্দাও জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীরাও নিরাপদ নন। একজন চিকিৎসক, তার উপর সরকারের দুষ্কৃতকারীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে।”
সুপ্রিম কোর্টের আপিল খালেদা জিয়াকে জামিন দেবে- এমন প্রত্যাশায় মঙ্গলবার পর্যন্ত অপেক্ষায় থাকার কথাও বলেন রিজভী।
“আমরা প্রত্যাশা করি, সুপ্রিম কোর্টে ন্যায়বিচারের প্রতিফলন হবে এবং নির্দোষ বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন, তিনি মুক্ত হবেন। আমরা সেই বিশ্বাস রাখি উচ্চতর আদালতের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
