জিয়ার কবর জিয়ারতে বিএনপি নেতারা
শবে বরাতের রাতে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা।
মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে শেরে বাংলা নগরে জিয়ার কবরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ অন্যরা।
তারা প্রয়াত নেতার কবরে ফাতেহা পাঠের পর মোনাজাত করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক, জাসাস সহসভাপতি শায়রুল কবির খানও সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবছরই শবে বরাতের রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে জিয়ার কবর জিয়ারত করতেন।
এবার খালেদা জিয়া কারাবন্দি থাকায় দলের নেতারা কবর জিয়ারত করলেন।
জিয়ার কবর জিয়ারতের পর বনানীতে জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের কবরও জিয়ারত করেন বিএনপি নেতারা।
শবে বরাত উপলক্ষে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
