খালেদা কারাগারে আরও ভালো আছেন: হাছান
কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যের দিন দিন অবনতি ঘটছে বলে বিএনপি নেতারা দাবি করলেও তার উল্টো কথা বললেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর ‘আগের চেয়ে ভালো আছেন’।
বিএনপি নেতারা খালেদার অসুস্থতা নিয়ে বাড়িয়ে বলছেন বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি দলীয় চেয়ারপাসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে বিএনপি।
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে হাছান মাহমুদ এই প্রসঙ্গ ধরে বলেন, “বিএনপি নেতারা যেভাবে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা শুরু করেছেন। তিনি যতটা না অসুস্থ তার চেয়ে বেশি বাড়িয়ে বলছেন, পারলে বেগম খালেদা জিয়া কালকেই মারা যাবেন, এই কথা বলার চেষ্টা করছেন।”
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করতে বিএনপি নেতাদের অনুরোধ করেন তিনি।
গত ৮ ফেব্রুয়ারি থেকে বন্দি খালেদা জিয়াকে গত ৭ এপ্রিল এক্স রে করার জন্য বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল।
সেদিন তাকে দেখার বিষয়টি তুলে হাছান বলেন, “বেগম খালেদা জিয়া যখন কারাগারে যাননি, তখন আমরা দেখতাম, আদালতে যাওয়ার সময় গাড়ি থেকে তাকে হাত ধরে নামাতে হত, গাড়িতে তোলার সময় হাত ধরে তুলতে হত।
“বঙ্গবন্ধু মেডিকেলে তাকে চেকআপের জন্য নেওয়া হল, দেখলাম তিনি হাত ধরে নামেনও নাই, হাত ধরে উঠেনও নাই। অর্থাৎ তিনি সেখানে যাওয়ার পর আগের চেয়ে ভালো আছেন।”
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষায় সরকার ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছে বলে দাবি করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ’২৯ এপ্রিল স্মৃতি ফাউন্ডেশনের’ আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপি আমলে সংঘটিত সেই ঝড় মোকাবেলায় সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না দাবি করে তিনি বলেন, “তখন সরকারি হিসাবে এক লাখ ৪৮ হাজার মানুষের মৃত্যু হয়। প্রকৃতপক্ষে এতে দুই থেকে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়। সরকার কোনো পূর্বপ্রস্তুতি নেয়নি, যে কারণে এত সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে।”
অনুষ্ঠানে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “২৯ এপ্রিল ঘৃর্ণিঝড়ের ঘটনায় তৎকালীন সরকার ছিল নির্লিপ্ত। ত্রাণ ব্যবস্থা যথেষ্ট ছিল না।”
