২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুল ইসলামের কুলখানিতে বিএনপি নেতারা

সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের কুলখানিতে অংশ নিয়েছেন বিএনপির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 10:22 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

রোববার বিকালে আসরের নামাজের পর বারিধারায় প্রয়াতের বাসভবনের কাছে মসজিদে এই কুলখানি হয়।

এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, বর্তমানে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত বক্তব্যে শামসুল ইসলামের কর্মময় জীবনের কথা স্মরণ করেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আমাদের হাত ধরেই এম শামসুল ইসলাম বিএনপির রাজনীতিতে এসেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন তিনি। নিজ এলাকা মুন্সীগঞ্জে জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন তিনি।”

ফখরুল বলেন, “১/১১ সঙ্কটের সময় তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। দলের শোকে, সঙ্কটে ও সাফল্যে তিনি সবসময় নেতাকর্মীদের সঙ্গে একাত্ম থেকেছেন।”

কুলখানিতে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতা মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল মান্নান, জেড এ খান, এবাদুর রহমান চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, আসাদুজ্জামান রিপন, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু।

বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও কুলখানিতে অংশ নেন।

গত বৃহস্পতিবার গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান সাবেক মন্ত্রী ও সাংসদ শামসুল ইসলাম।

তিনি পঞ্চম থেকে অষ্টম সংসদে মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ ছিলেন। ১৯৯১ সাল ও ২০০১  সালে খালেদা জিয়ার সরকারের তথ্য, খাদ্য, বাণিজ্য, টেলিযোগাযোগ এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি।

পুরনো খবর:

বিএনপি নেতা এম শামসুল ইসলামের মৃত্যু