২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কলে বৌদ্ধদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কলে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 11:24 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রদায়ের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দলটি। প্রতিবছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৌদ্ধ সম্প্রদায়কে এই সংবর্ধনা জানাতেন।

এবার তিনি কারাবন্দি থাকায় লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে কমলাপুর বৌদ্ধ মন্দিরসহ চট্টগ্রামের বিভিন্ন মঠ ও মন্দিরের বেশ কয়েকজন পুরোহিতও অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই অনুষ্ঠানে আসার আগে আমরা দেশনেত্রীর সঙ্গে কারাগারে দেখা করে এসেছি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তিনি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বলেছেন।”

সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করে তিনি বলেন, “এই সরকার আমলে যে সম্প্রদায়ের মানুষ কম, তাদের ওপর বেশি নিপীড়ন ও আক্রমণ হয়েছে। আজ কারও কথা বলার অধিকার নেই, কথায় কথায় হত্যা-গুম করে দেওয়া হয়।”

কারাগারে খালেদা জিয়ার ‘গুরুতর অসুস্থতার’ কথাও বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “এই সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য জনগণের নেত্রীকে আটকে রেখেছে। আজকের এই দিনে জাতীয়তাবাদী দর্শনকে ধারণা করে গণতন্ত্রকে মুক্ত করার শপথ নিতে হবে। আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবই।”

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি দল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বক্তব্য রাখেন।

পরে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের কেক-মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।