ভারত নয়, জনগণই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত নয়, বাংলাদেশের জনগণই নির্বাচনের ভোটের মাধ্যমে ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় থাকবে।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে একথা বলেন সম্প্রতি নয়া দিল্লি সফর করে আসা ক্ষমতাসীন দলের এই নেতা।
সফরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন “নির্বাচন সম্পর্কে মোদী (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) সাহেবকে কোনো কথা বলতে শুনিনি। ইলেকশন নিয়ে কোনো কথা হয়নি।
“কথা হয়েছে আমাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে পার্টি টু পার্টি- সরকার টু সরকার এর মধ্যে কীভাবে আরও শক্তিশালী করা যায় এই বিষয় নিয়ে। বাংলাদেশে নির্বাচন হবে, এতে ভোট দেবে বাংলাদেশের জনগণ। এখানে ভারত কী করবে, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে? জনগণ না চাইলে কি আমরা জোর করে থাকব?
“আর আমাদের ভাগ্য নির্ধারণ করবে জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। বিদেশি শক্তি আমাদের বন্ধু, কিন্তু আমাদের পলিটিক্যাল ফেইট, ইলেকটোরাল ফেইট দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য ওয়ার্ক, ভোটার্স অ্যান্ড পিপল।”
আগামী নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে-এমন আশাবাদ বিজেপির নেতারা নৈশভোজে বসে করেছেন বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, “২০০১ সালে আমরা হেরে গেছি, তখন ভারত কি আমাদের জিতিয়েছে? তারা তো হস্তক্ষেপ করেনি। ইলেকশন হবে।
“কেউ কেউ হয়তবা আশাবাদ ব্যক্ত করেছেন, ডিনারে বসে, যে আশা করছি আপনারা আবার ক্ষমতায় আসবেন। এটা তো সৌজন্য, বলতেই পারে। আমরা একটা দল গেছি, এটা আমাদের বলতেই পারে। এটা কিন্তু মি. নরেন্দ্র মোদী বলেনি।”
বিজেপির নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিজেপির সাধারণ সম্পাদককে তারা আমন্ত্রণ করেছেন। ভারতে ব্যস্ততা শেষে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন বলে আশা করছেন।
সফরে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা তিস্তা, রোহিঙ্গা কোনো কিছু বাদ দেইনি। কেন তিস্তা চুক্তি করতে হবে এটাও আমরা বলেছি। বাংলাদেশের জনগণের স্বার্থে এটা করতে হবে। তিস্তা আমাদের বহু মানুষের জন্য লাইফ-এই বিষয় আমরা বলেছি। পানির জন্য হাহাকার আছে সে বিষয়টি বলেছি।
“ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছি, আপনি ৬৮ বছর এবং চুক্তি সম্পাদনের ৪১ বছর পর আপনার ডায়নামিক নেতৃত্ব দিয়ে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছেন। আমরা বিশ্বাস করি, আপনি তিস্তার সমাধান করবেন। তাহলে জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া হবে। পিপল টু পিপল কানেকটিভিটি কন্ট্রাক্ট আরও শক্তিশালী হবে।”
ওবায়দুল কাদের বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগ আচরণবিধি লঙ্গন করবে না।
“আমাদের যারা দায়িত্বরত আছেন আচরণ বিধির মধ্যে তারা কাজ করবে। আচরণ বিধির বাইরে আমরা নারায়ণগঞ্জেও যাইনি। যতক্ষণ এই আচরণ বিধি থাকবে আমরা এটাকে মানব, মেনে চলব, আমরা এটাকে ভায়োলেট করব না।”
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ফখরুল ইসলাম আলমগীর কি চিকিৎসাবিদ্যার বিশেষজ্ঞ? বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও আছেন। চিকিৎসকরা বলুক তার অবনতি কতটা হয়েছে, কী হয়েছে।
“কিছু দিন আগে আমরা বাইরে যা দেখলাম তাতে দৃশ্যত কোনো অবনতি হয়েছে বলে মনে হয়নি। ভেতরে যদি কোনো অবনতি হয় মেডিকেল বোর্ড বললে এখানে সরকার অবশ্যই মানবিক আচরণ করবে। রাজনীতি করি বলে একজন মানুষ বিনা চিকিৎসায় মরবে এটা কখনও চাই না। শেখ হাসিনা এটা চায় না। কখনও আমরা এ ধরনের আচরণ করব না।”
তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি ‘মিথ্যাচার’ করছে দাবি করে কাদের বলেন, “এই যে পাসপোর্ট নিয়ে যা করছে বিএনপি, সকালে এক কথা বিকালে এক কথা। মনে হচ্ছে, বিএনপি এখন খাদের কিনারে এসে লাফালাফি করছে।
“তারা বলছে মিথ্যাচার। তারেক জিয়া রাজনৈতিক আশ্রয় নিয়েছে, এটা এতদিন স্বীকার করেনি বিএনপি। এখন ফান্দে পড়িয়া বগা কান্দে। এরা আমাদের বলছে মিথ্যাচার করছে, আসলে বিএনপি নামক দলটিতে কিছু পরিপূর্ণ মিথ্যাবাদী আছে। এরা আসলে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে।”
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সুবহান গোলাপ, পরিবেশ সম্পাদক দেলোয়া হোসেন উপস্থিত ছিলেন।
