২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সিটি নির্বাচন:  সিদ্ধান্ত নিতে বসছে বিএনপির শীর্ষ নেতৃত্ব

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সন্ধ্যায় জ্যেষ্ঠ নেতাদের যৌথসভা ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 04:03 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার সন্ধ্যা ৬টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

দুপুরে নয়া পল্টনে লিফলেট বিতরণ কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমাদের সিনিয়র নেতাদের একটা যৌথসভা আছে সন্ধ্যায়। সেই সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।”

শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আগামী ১৫ মে ভোটের দিন রেখে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল  ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

গাজীপুর সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ৬ জুলাই। প্রথম সভা হয় ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর। আইন অনুযায়ী এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। ৮ মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে এ সিটির।

খুলনা সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ৩০ মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হবে।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির আবদুল মান্নান ও ১৫ জুন খুলনা সিটি করেপোরেশনের নির্বাচনে একই দলের মনিরুজ্জামান মনি বিজয়ী হয়েছিলেন।

৫ বছর আগে নির্দলীয় প্রতীকে ভোট হলেও এবার মেয়র পদে দলীয়ভাবে ভোট হবে গাজীপুর ও খুলনায়।

পুরনো খবর:

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ১৫ মে