পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা হচ্ছে: আমীর খসরু
দেশে অস্থিরতা সৃষ্টি করে সরকার ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “অনেকে অনেক কিছু উসকে দেয়ার চেষ্টা করছে। উসকে দিয়ে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। যে অস্থিরতার ঘোলা পানিতে বর্তমান সরকার মাছ ধরার চেষ্টা করছে।
“আমি বলতে চাই, সেই দিকে কেউ কান দেবেন না। গণতন্ত্রের পথ একমাত্র পথ, নিয়মতান্ত্রিক রাজনীতি একমাত্র পথ, শান্তির পথ একমাত্র। এই পথে আমরা আছি, বিএনপি আছে, বাংলাদেশের মানুষ আছে। এই পথেই থাকতে হবে, এটাই হচ্ছে বিজয়ের পথ।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জেলের ভেতরে রাখলে বাংলাদেশের মানুষকে নির্বাচনের বাইরে রাখা যাবে, ক্ষমতা দখল করা যাবে।
“বাংলাদেশের মানুষও প্রস্তুতি নিচ্ছে। আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি দেশের প্রতিটি মানুষ প্রস্তুতি নিচ্ছে। এই দেশের মানুষ বারবার সময়মত গেছে, তাদের মালিকানা কেড়ে নিয়েছে, স্বৈরাচারকে বিতাড়িত করেছে, গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বাংলাদেশের মানুষ আজকে বদ্ধ পরিকর। অপেক্ষায় আছে। সুতরাং আমাদেরকে সেই গণতন্ত্রের পথে চলতে প্রস্তুতি নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, মৌলিক অধিকার কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে ‘সংবিধানের মূল কাঠামো ভেঙে দিয়েছে’।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের মুক্তি দাবিতে এই সভা হয়।
সংগঠনের উপদেষ্টা এমএ বাশারের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের পরিচালনায় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, লেবার পার্টির একাংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
