২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার লিফলেট বিতরণ ও বিক্ষোভের কর্মসূচি বিএনপির

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার ‘নিঃশর্ত’ মুক্তির দাবিতে  বিভাগীয় শহরগুলোতে সমাবেশের পাশাপাশি সারাদেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 02:45 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

বুধবার ঢাকার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১ এপ্রিল রোববার সারাদেশে লিফলেট বিতরণ শুরু হবে। ৩ এপ্রিল হবে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি।”

এছাড়া আগামী ৪ এপ্রিল রাজশাহীতে, ৭ এপ্রিল বরিশালে এবং ১০ এপ্রিল সিলেটে জনসভা করার ঘোষণা দেন রিজভী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজার রায় হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন।

এর প্রতিবাদে কয়েক দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করলেও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা আটকে আছে পুলিশের অনুমতি না পাওয়ার কারণে।

‘সমাবেশ ফোবিয়া’

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তাদের সমাবেশ নিয়ে সরকার ‘ফোবিয়ায়’ ভুগছে বলেই অনুমতি দেওয়া হচ্ছে না।  

“সরকারের স্বৈরাচারি ডাইমেনশনটা উন্মোচিত হচ্ছে যখন একটি প্রধান রাজনৈতিক দলকে জনসভা করতে দেওয়া হচ্ছে না। অন্য ছোটোখাটো দলকেও এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে দিয়েছেন। তাহলে বিএনপিকে দিচ্ছেন না কেন?

“কারণ সরকার সমাবেশ আতঙ্কে ভুগছেন। বিএনপি সমাবেশ করলেই যে লাখো মানুষের ঢল নামবে… এই ভয়ে কি আপনারা (সরকার) অনুমতি দিতে চাচ্ছেন না?  নাকী গণতন্ত্রের বৃহৎ পরিসর যেন বিস্তার লাভ না করে সেই জন্য দিচ্ছেন না?”

রিজভীর ভাষায়, এ সরকারের মনে আসলে কেবল ‘একদলীয় জমিদারি কর্তৃত্বের আকাঙ্ক্ষা’ কাজ করছে।

এইচ এম এরশাদের দল জাতীয় পার্টিকে ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়ায় সরকারের সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, ইতিহাসের যে দিনটিতে এরশাদ ‘বন্দুকের নলের মুখে’ ক্ষমতা দখল করেছিলেন, ঠিক সেই দিনটিতে তার দলকে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দিয়েছে সরকার।

 “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি গণতন্ত্রপ্রিয় হতেন, তাহলে এটা দিতেন না। তিনি গণতন্ত্রকে অপমান করার জন্য, অবমাননা করার জন্যে ২৪ তারিখে জনসভা করতে দিয়েছেন।”

বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক সাইফুল ইসলাম শিশির, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সেন্টু, সহ প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন, বগুড়া জেলা সহসভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেমসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান রিজভী।

ময়মনসিংহের হালুয়াঘাট ও টাঙ্গাইলের এলেঙ্গা পৌর নির্বাচনকে কেন্দ্র ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘তাণ্ডব চালাচ্ছে’ অভিযোগ করে এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবির মুরাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।