২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডে নির্যাতন চালিয়ে জাকিরকে হত্যার অভিযোগ বিএনপির

পুলিশ হেফাজতে নির্যাতনের কারণেই কারাগারে অসুস্থ হয়ে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে প্রতিবাদে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 01:23 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

শুক্রবার মসজিদে দোয়া মাহফিল ও রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।

তিনি সাংবাদিকদের বলেন, তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে ‘রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচারে হত্যার’ প্রতিবাদে রোববার ঢাকাসহ সারাদেশের দলের নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন এবং ঢাকা মহানগরীর থানায় থানা এবং সারা দেশে জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে।

“একইসঙ্গে এ যাবত সরকারের পরিকল্পিত হত্যা ও খুনের যারা শিকার হয়েছেন এবং পুলিশি হেফাজতে মারা যাওয়া জাকির হোসেন মিলনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমআ ঢাকাসহ দেশব্যাপী সকল মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হবে।”

৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন থেকে গোয়েন্দা পুলিশ মিলনকে আটক করে। এরপর তিন দিনের রিমান্ড শেষে রোববার কারাগারে নেওয়ার পর অসুস্থ হন তিনি। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপিসহ পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের নির্যাতনেই মিলনের মৃত্যু হয়েছে।

রিজভী বলেন, বিএনপির নারায়ণগঞ্জ জেলার কারাবন্দি সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে একের পর এক মিথ্যা  মামলা দিয়ে ‘রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন’।

“বার বার রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে অধ্যাপক মামুন এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমি এভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন বন্ধের জোর দাবি জানাচ্ছি।”

পটুয়াখালীর বাহুবল থানা যুব দলের যুগ্ম সম্পাদক জসিমউদ্দিনের বাসায় ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে অভিযোগ করেন তিনি। 

নড়াইল জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুন্সি শাহিনুল্লাহ মোহন ও অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন মনজুকে গোয়েন্দা পুলিশের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানান তিনি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।