নারী দিবসে সিপিবির নারী সেলের মিছিল-সমাবেশ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নারী সেল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টন সিপিবির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সেলের নেতা মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, নারী সেলের সম্পাদক জলি তালুকদার, সদস্য লুনা নূর, ছাত্রনেতা কাজী রীতা বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নেতা লাকী আক্তার।
সমাবেশে শাহ আলম বলেন, “বিশ্বজুড়ে নারীর অবস্থান পরিবর্তনের জন্য যেসব লড়াই হয়েছে তাতে কমিউনিস্টরাই তাদের আদর্শিক জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন। এমনকি বাংলাদেশেও নারী নির্যাতন, নারীর অধিকার বিষয়ক সকল আন্দোলন সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
সমাবেশ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়।
সারাদেশে নারী নির্যাতন, খুন-ধর্ষণের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন বক্তারা।
সন্ধ্যায় সিপিবি কার্যালয়ের সামনে নারী সেলের আয়োজনে নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
