শফিউল বারী বাবু ৭ দিনের রিমান্ডে
নাশকতার মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী বুধবার তার রিমান্ড মঞ্জুর করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কর্মসূচি থেকে বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরে তাকে শাহবাগ থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তারের কথা জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
শফিউল বারী বাবুকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই অমল বিষ্ণু দেব। বিএনপির আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
