২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের দেশে থাকার অধিকার নেই: মুহিত

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রেক্ষাপটে জামায়াতে ইসলামকে দায়ী করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই দলটি দেশের ‘শত্রু’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 01:20 AM

Updated : 19 Aug 2022, 01:42 PM

এই হামলা নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “ঘোলা পানিতে মাছ শিকার? গভর্নমেন্ট ইজ নট অ্যাট অল ইনভলবড। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি বলে থাকে তাহলে এটা জামায়াতের মানুষ হবে। আই এম শিওর অ্যাবাউট ইট।

“জামায়াত দেশের শত্রু। এদেশে তাদের থাকার কোনো অধিকার নেই।”

জামায়াতকে নিষিদ্ধে গণজাগরণ মঞ্চসহ অনেকের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মুহিত বলেন, “হ্যাঁ, হ্যাঁ এটা বলা হচ্ছে, কিন্তু এটা মুশকিল আছে।”

জাফর ইকবালের উপর হামলার মাধ্যমে কি আপনার মনে হচ্ছে তারা সিলেট অঞ্চল বেছে নিয়েছেন- সাংবাদিকদের প্রশ্নে সিলেটের সংসদ সদস্য মুহিত বলেন, “না না, ওটা কিছু না। ধর্মান্ধ গোষ্ঠী দে আর এ থ্রেট টু দ্যা ন্যাশনস সিকিউরিটি।”

পুলিশের উপস্থিতিতে এই হামলার বিষয়ে মন্ত্রী বলেন, “পুলিশ পারে নাই, কী করা যাবে। তার চেহারা দেখে তো আর বোঝা যায় না। সে (হামলাকারী) তো ছুরি মেরেছে। ছুরি এমন একটা জিনিস, সেটা লুকানো অনেক সহজ। রামদা-টামদা হত, তাইলে ধরতে পারত।”