বিএনপির মানববন্ধন ও অবস্থান কর্মসূচির স্থান ঘোষণা
দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচির স্থান ঘোষণা করেছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার সকালে তারা মানববন্ধন করবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে।
আর বৃহস্পতিবার বিএনপির অবস্থান কর্মসূচি হবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
রিজভী বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত দাবিতে আগামীকাল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন হবে। কেন্দ্রীয় কর্মসূচি হবে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। আমরা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
“আগামী ৮ মার্চ সারাদেশে যে অবস্থান কর্মসূচি পালিত হবে, সেটি কেন্দ্রীয়ভাবে হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ বিষয়টিও পুলিশকে অবহিত করা হয়েছে।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ মার্চ খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত।
এর প্রতিবাদে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশে, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, “আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা হবে তার প্রস্তুতি চলছে। আমরা মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইতোমধ্যে চিঠি দিয়েছি অনুমতির জন্য। জনসভা আয়োজনে সব কাজ আমরা সম্পন্ন করেছি।”
এই বিএনপি নেতা অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে কেবল ‘মিথ্যা মামলা ‘ কারাগারে পাঠিয়ে ক্ষান্ত হয়নি, তার মামলার নথি উচ্চ আদালতে পাঠাতেও ‘বিলম্ব করছে’।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
