অপরাধীদের আড়ালের চেষ্টায় সরকার: ফখরুল
মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় বিএনপি দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যকে ‘প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার অপচেষ্টা’ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
ফখরুল বলেন, “এরকম একটি সন্ত্রাসীর হামলার ঘটনা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণভাবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।
“যখন ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে ঠিক সেই সময়ে বিএনপির দিকে আঙুল রেখে তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে এটাই প্রমাণ করে যে, তারা ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চাচ্ছে। এসব কারণেই প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায়।”
লেখক অধ্যপক জাফর ইকবালের উপর হামলার প্রসঙ্গ ধরে ওবায়দুল কাদের রোববার সাংবাদিকদের বলেছেন, “এই হামলা যে একটা চক্রান্ত, এটা সত্য। চক্রান্ত তাদের, যাদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”
শনিবার সিলেটে জনপ্রিয় এই লেখকের উপর হামলার পর ফখরুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে।
ফখরুল রোববার বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রকাশ্য দিবালোকে হত্যাচেষ্টা করা হয়, সেখানে দেশে যে অনিশ্চয়তার অন্ধকার বিরাজ করছে তা সংশয়হীনভাবে সত্য। যারা তাকে (জাফর ইকবাল) ছুরিকাহত করেছে, তারা সমাজের শত্রু।”
সিলেটে নিজের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার বিকালে এক অনুষ্ঠানের মধ্যে অধ্যাপক জাফর ইকবালের উপর ছুরি নিয়ে হামলা করে এক তরুণ। ঘটনার পরপরই তাকে ধরে পুলিশে দেয় শিক্ষার্থী ও শিক্ষকরা।
