২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল বিশ্বাসের চতুর্থ দফা রিমান্ড আবেদনের শুনানি ৮ মার্চ

রাজধানীর গুলশান ও বংশাল থানার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানির পিছিয়ে আগামী ৮ মার্চ ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

রোববার শুনানির ধার্য দিনে শিমুল বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

তবে তাকে রিমান্ডে না নেওয়ার বিষয়ে হাই কোর্টে একটি রিট বিচারাধীন থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

শুনানি শেষে গুলশান থানার মামলায় ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এবং বংশাল থানার মামলায় আরেক মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানির তারিখ ৮ মার্চ ঠিক করে দেন।

গত ২৬ ফেব্রুয়ারি গুলশান থানার মামলায় দশদিন ও বংশাল থানার মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ওই দিন আদালত শুনানির জন্য ৪ মার্চ দিন রেখেছিল।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পরপরই বকশীবাজারে বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পরদিন শাহবাগ থানার নাশকতার এক মামলায় পাঁচদিন ও ১৫ ফেব্রুয়ারি একই থানার আরেক মামলায় শিমুল বিশ্বাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এরপর ২০ ফেব্রুয়ারি রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় পাঁচদিনের রিমান্ড দেয় আদালত।

তিন দফা রিমান্ড শেষে ২৬ ফেব্রুয়ারি বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।