২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য

সাবের হোসেন চৌধুরীকে নিয়ে তার বক্তব্য উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 08:22 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

গত ২১ ফেব্রুয়ারি ঢাকায় একদল ভারতীয় সাংবাদিকের সঙ্গে আলোচনায় ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে ‘আদর্শ নয়, জেতার জন্যই সাবেরকে নিয়েছিল আ. লীগ: কাদের’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো প্রতিবাদলিপিতে মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, “শিরোনামটি সঠিক নয় ও বিভ্রান্তিকর।”

৩ মার্চ স্বাক্ষরিত ওই চিঠিতে শেখ ওয়ালিদ বলেন, “১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত অবস্থানের বিষয়টি উল্লেখ করে মাননীয় মন্ত্রী বলেছিলেন, ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকা সিটির দীর্ঘ দিনের ত্যাগী পরীক্ষিত নেতা মোজাফ্ফর হোসেন পল্টুকে মনোনয়ন না দিয়ে তখনকার সময়ে অপেক্ষাকৃত বেশি জনপ্রিয় নেতা সাবের হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।”

প্রতিবেদকের বক্তব্য

পেশাগত কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করেন। হোটেল র‌্যাডিসনে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ওই আলোচনায় ওবায়দুল কাদেরের বক্তব্যও রেকর্ড করা হয়েছিল।

সাবেরকে নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য

তার সেই বক্তব্য হুবুহু তুলে ধরা হল, “আমরা স্ট্র্যাটেজিক এলায়েন্স করেছি বলেই ক্ষমতায় আসতে পেরেছি। আমি তো মাঝে মাঝে বলি যে, আমাদের ঢাকা সিটিতে আমাদের দীর্ঘদিনের নেতা, পরীক্ষিত ত্যাগী মোজাফফর হোসেন পল্টুকে বাদ দিয়ে নবাগত সাবের হোসেন চৌধুরীকে ’৯৬ এ আমরা মনোনয়ন দিয়েছিলাম। তখনও অনেক প্রশ্ন ছিল। তিনি আদর্শিকতার মধ্যে পড়ছিলেন না।

“তারপর আরেকটা দেখুন, আমাদের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন দীর্ঘদিনের পরীক্ষিত একজন নেতা, তাকে বাদ দিয়ে হাজী সেলিমকে আমরা মনোনয়ন দিয়েছিলাম। সেই ইলেকশনেও আমরা এক সিটের জন্য আ স ম আব্দুর রব ও জাতীয় পার্টির সঙ্গে এলায়েন্স করতে হয়েছে। এই বিষয়গুলো কিন্তু ভাবার বিষয়, আমাদের সন্দেহের চোখে দেখলে হবে না।”

 

পুরনো খবর:

আদর্শ নয়, জেতার জন্যই সাবেরকে নিয়েছিল আ. লীগ: কাদের