মাঠ পর্যায়ে আওয়ামীকরণ হচ্ছে: রিজভী
সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের রদবদলের বিষয়টি মাঠ পর্যায়ে ‘আওয়ামী করণ’ হিসেবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, “এই যে এতগুলো ডিসি-এসপিকে নিয়োগ দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া- সব কিছু দেখে মনে হচ্ছে যে, তারা আওয়ামী লীগকরণের মাঠ সাজাচ্ছেন।
“এই বছর তো নির্বাচনী বছর। এরশাদ আগাম নির্বাচনের কথা বলছেন। কয়েকদিন আগে সরকারের সহযোগী হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন দেশে আগাম নির্বাচন হতে পারে।”
রোববার মাঠ পর্যায়ের প্রশাসনে ব্যাপক রদবদল এনেছে সরকার; জেলা প্রশাসকের পাশাপাশি পুলিশ প্রশাসনেও রদবদল আনা হয়েছে।
এই রদবদলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহসহ ২২ জেলায় জেলা প্রশাসক পরিবর্তন হয়েছে। ২৯ জন পুলিশ সুপারের কর্মস্থলও পরিবর্তন করা হয়েছে। এর আগেও কিছু রদবদল ও পদোন্নতি হয়েছে।
নির্বাচন পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উপরই নির্ভর করতে হয় ইসিকে।
ভোটের বছরে জেলা প্রশাসকদের এই রদবদলকে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘রুটিন ওয়ার্ক’ বললেও নির্বাচনে এসব কর্মকর্তাদেরই ভোটের দায়িত্বে থাকার সম্ভাবনা বেশি।
রিজভী বলেন, “সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের মতো করে যতই মাঠ সাজান না কেন, তাতে কোনো কাজ হবে না। কারণ বিএনপি ও বেগম খালেদা জিয়া ছাড়া দেশে অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। জনগণই এই ধরনের নির্বাচন হতে দেবে না।”
‘ঘরে বসে আন্দোলন’ করতে আওয়ামী ওবায়দুল কাদের যে পরামর্শ দিয়েছেন, তাকে ‘জোনাল মার্শাল এডমিনিস্ট্রেটরের’ এর ভাষ্য মনে রিজভী।
তিনি বলেন, “আমি বলতে চাই, ওবায়দুল কাদের সাহেব কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি জোনাল মার্শাল এডমিনিস্ট্রেটরের ভূমিকা পালন করছেন কিনা? যখন সামরিক শাসন জারি হয়, তখন আমরা ঘরোয়া রাজনীতির কথা শুনেছি। উনার বক্তব্য তো ওইরকমই মনে হচ্ছে।
“ওবায়দুল কাদের সাহেবদের ঐহিত্যই হচ্ছে, মানুষের গলায় ফাঁসির দড়ি দিয়ে কন্ঠরোধ করা। জনসমর্থনহীন সরকারের প্রধান কাজই হচ্ছে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া। সেটা ওবায়দুল কাদের সাহেবরা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।”
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পণ্ড করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর থানায় থানায় ও জেলা-মহানগরে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে অভিযোগ করে ঢাকা মহানগর, কুষ্টিয়া, ঝালকাঠি, ব্রাক্ষণবাড়ীয়া, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় নেতাকর্মী গ্রেপ্তার ও আহত হওয়ার চিত্র তুলে ধরেন রিজভী।
তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
