‘এখনও বিএনপি জোটে থাকলে ইসলামী দলের নামে কলঙ্ক আপনারা’
দুর্নীতির দায়ে চেয়ারপারসনসহ বিএনপির শীর্ষ দুই নেতা দণ্ডিত হওয়ায় দলটির নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী দলগুলোকে বের হয়ে নতুন জোট করার আহ্বান জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে দলের কার্যালয়ে এক বৈঠক শেষে এ আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলটির প্রধান।
নজিবুল বশর বলেন, “ইসলাম কখনো দুর্নীতি সমর্থন করে না। তাহলে আপনারা কোনরূপ ইসলামী দল? বিএনপির চেয়ারপারসন দুর্নীতি মামলায় জেলে, আরেক নেতা দণ্ডপ্রাপ্ত আসামি।
“দণ্ডপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে, অথচ আপনারা এখনো সেই জোটে আছেন। সময় এসেছে আপনাদের চিন্তা করার, দুর্নীতির দায়ে ৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামির নেতৃত্বে জোটে থাকবেন কি না। তার পরও আপনারা বিএনপি জোটে থাকলে ইসলামী দলের নামে আপনারা কলঙ্ক।
“সময় থাকতে ইসলামের দিকে তাকিয়ে ইসলামী দলগুলো ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসুন, নতুন জোট করুন।”
৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়। তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামি ১০ বছর কারাদণ্ড হয়। এছাড়া প্রত্যেকের আর্থিক দণ্ডও হয়।
এর আগে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাত বছর কারাদণ্ড দেয় হাই কোর্ট।
বিএনপি শুরু থেকেই ইসলামের দোহাই দিয়ে আসছে মন্তব্য করে ইসলামভিত্তিক দল তরিকত ফেডারেশন প্রধান বলেন, “তারা (বিএনপি) বিভিন্নভাবে ইসলামকে বেচা-বিক্রি করেছে। এখন সময় এসেছে তাদের পরিহার করার।"
১৮ মার্চ তরিকত ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের দিন ঘোষণা দেন নজিবুল বশর।
কেন্দ্রীয় তরিকত ফেডারেশনের জরুর বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব এম এ আওয়াল, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আল হাসানী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, শাহমিরান আল কাদেরী, ভাইস চেয়ারম্যান এবিএম সিদ্দিকুর রহমান ও জালাল উদ্দিন বকশীহ কেন্দ্রীয় নেতারা।
