২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফরোজা আব্বাসের আগাম জামিন

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের তিন মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 03:26 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, দলের মহানগর শাখার সদস্য রুনা লায়লা ও মিনা বেগম মিনিও এদিন একই আদালত থেকে জামিন পেয়েছেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

আইনজীবী সানজিদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আগে মগবাজার ও কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে রমনা থানায় তিনটি মামলা করে পুলিশ।

প্রতিটি মামলাতেই ১৮০ জন করে আসামি করা হয়।আফরোজাসহ জামিন পাওয়া চার নেতাই ওই তিন মামলার আসামি।