খালেদার রায়ের আগে বিএনপি অফিস ফাঁকা
দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে সামনে রেখে পুলিশের ব্যাপক কড়াকড়িতে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একেবারেই নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছে।
বুধবার ওই কার্যালয়ের রাস্তার অপর পাশে ঢাকা মহানগরের যে কার্যালয়টি রয়েছে তাও বন্ধ; গেইটে তালা ঝুলছে।
কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ সাত অফিস কর্মকর্তা ও অফিস কর্মী।
পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিএনপির কার্যালয় এবং অন্যান্য তলায় যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, জাসাস এর অফিস রয়েছে। সেগুলোও বন্ধ।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারপাশে ব্যাপক সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা তৎপর রয়েছে। পোশাকি পুলিশ রয়েছে পাশে ভিক্টোরিয়া হোটেলের সাথে। কিছুক্ষণ পর পর তারা কার্যালয়ের সামনে টহল দিচ্ছে।
গত ৩/৪ দিন ধরে কেন্দ্রীয় কার্যালয়টি একরকম অবরুদ্ধ। আইনশৃঙ্খলা সদস্যদের উপস্থিতির কারণে নেতা-কর্মীরা আসছে না। কেউ প্রবেশ করতে গেলে সাদা পোশাকে সদস্যরা জিজ্ঞাসাবাদ করছে।
ভবনের প্রধান ফটকের কলাপসিবল গেইটও বন্ধ করে রেখে বিএনপি। ভেতর দিয়ে তালা লাগিয়ে নিরাপত্তা কর্মীরা ডিউটি করতে দেখা গেছে।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “কঠিন অবস্থার মধ্যে আমাদের দিন অতিক্রান্ত করতে হচ্ছে। দেখতেই পারছেন নেতা-কর্মীরা আসতে পারছেন না গ্রেপ্তার আতঙ্কে, নির্যাতনের ভয়ে। এক কালো অন্ধকারের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার।”
রিজভী গত সপ্তাহ পুরোটা অফিসে অবস্থান করছেন।
বিএনপি অফিসের এককর্মী জানান, গত দুদিন ধরে বিকালের দিকে ১০/১৫ মিনিট র্যাবের মহড়াও চলছে এই সড়কে। র্যাব সদস্যরা আধুনিক অস্ত্রে সজ্জ্বিত হয়ে সামরিক কায়দায় অবস্থান নেন। অস্ত্র তাক করে রাখেন বিএনপির কার্যালয়সহ বিভিন্ন দিকে। সেই এক যুদ্ধাবস্থার পরিবেশ। এই মহড়ার সময়ে কালো রংয়ের পাজেরো জিপ ও মোটরসাইকেলের বহরও থাকে।
