সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগও
জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় আদালতের রায়ের আগের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন ডাকার পর আওয়ামী লীগ পাল্টা সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সামনে আসবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে। দোষী সাব্যস্ত হলে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।
বিএনপির অভিযোগ, সরকার বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই ‘মিথ্যা’ এই মামলাকে রায় পর্যন্ত টেনে এনেছে। রায় বিপক্ষে গেলে রাজপথে নামার হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও রায়ের দিন মাঠে থাকার ঘোষণা দেওয়ায় তৈরি হয়েছে উত্তেজনা।
রায়ের আগের দিন বুধবার বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া।
