২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টায় বিএনপি: হানিফ

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 07:05 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।

রায় প্রসঙ্গে হানিফ বলেন, “এই রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।

“খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা আওয়ামী লীগ সরকারের সময় হয়নি। এই মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমরা বলেছি এই মামলায় আদালতের মাধ্যমে বেগম জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমাদের কোনো আপত্তি নেই।”

তিনি বলেন, “এই রায়কে সামনে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রায়ের আগে-পরে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না।”

বিএনপি নেত্রী দীনতা থেকে এতিমের টাকা আত্মসাৎ করেছেন দাবি করে হানিফ বলেন, “এই দেশে আইন সবার জন্য সমান। আইনের চোখে আপনি অপরাধী হলে শাস্তি আপনাকে পেতে হবে।

“আপনি এতই দীনতায় ছিলেন যে আপনার এতিমের টাকা আত্মসাৎ করতে হয়েছে। এতিমের টাকা আত্মসাৎ করা ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটি মানুষের কর্মের ফল আখিরাতে পেতে হবে। এতিমের টাকা আত্মসাৎ করতে কুন্ঠাবোধ হয় না।”

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হানিফ।

ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী ও শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।