রায় নিয়ে গোলযোগ হলে ব্যবস্থা: তোফায়েল
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর হস্তে তা দমন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা রাজপথে নামব কি কারণে? নামবে আইন প্রয়োগকারী সংস্থা। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যা যা করা দরকার তারা করবে।”
৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।
বিএনপি অভিযোগ করে আসছে, ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে ‘অন্তঃসারশূন্য’ এই মামলাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।
রায় কি হবে কেউ জানে না মন্তব্য করে তোফায়েল বলেন, “যার মামলার রায় হবে সেই মামলায় তিনি খালাসও পেতে পারেন আবার সেই মামলা অন্য কিছু হতে পারে। এটা বিচারাধীন একটা মামলা, এটা বিচার বিভাগের স্বাধীনতা, এখানে কারো কোনো হস্তক্ষেপ নাই।
“সুতরাং আগেই বিএনপি যদি ধরে নেয় তার সাজা হবে, আমরাই যদি ধরে নেই তার সাজা হবে এটা বাস্তবসম্মত না, যেহেতু আমরা জানি না (রায়) কি হবে।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি একটা মামলা মোকদ্দমার বিষয়ে, একটা কোর্টের বিষয়ে কারো পক্ষে বা বিপক্ষে কারোরই দাঁড়ানো উচিত না, কোর্ট তার ন্যায়বিচার করবে, সেই ন্যায়বিচারের মাধ্যমে রায় হবে।
“আমি মনে করি যেহেতু এটা নির্বাচনের বছর… শিক্ষা নিয়ে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন আপনারা সাবধানে থাকবেন, বুঝে শুনে কাজ করবেন। নির্বাচনের বছর হিসেবে যদি রায় বিপক্ষেও যায় বা পক্ষে যায় যেটাই হোক না কেন তারা রাজপথে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না, এটা আমার ধারণা।
“আর যদি (বিশৃঙ্খলা) করে আমরা কেন রাজপথে নামব? দল কেন রাজপথে নামবে? আমরা রাজপথে নামব কি কারণে? নামবে আইন প্রয়োগকারী সংস্থা, দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যা যা করা দরকার তারা করবে।”
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সরকারের মধ্যে কোনো টেনশন আছে কি না- এই প্রশ্নে মন্ত্রী বলেন, “আমাকে দেখলে কি মনে হয় কোনো টেনশন আছে? … আমরা অত্যন্ত ভালো অবস্থানে আছি।
“কারণ দুইটা বছর ২০১৬-১৭ বিএনপি ভুল থেকে শিক্ষা নিয়ে (বিএনপি) কোনো অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে নাই এবং আগামীতেও তারা করবে না। সুতরাং রাষ্ট্র ভালোভাবে চলবে, মানুষের ব্যবসা-বাণিজ্য ভালো হবে।”
মামলায় হাজিরা শেষে খালেদা জিয়ার ফেরার সময় বিএনপি-জামায়াতের সমর্থকদের পুলিশের ওপর হামলার কঠোর সমালোচনা করেন তোফায়েল।
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা কি ধরপাকড়ের শিকার হই নাই? … এসব তো এখন ঘটছে না।
“যারা পুলিশের গাড়ি ভেঙেছে, পুলিশকে আক্রমণ করেছে, আসামী ছিনতাই করেছে, তাদের বিরুদ্ধে স্পেসেফিক কেইস হয়েছে। তাদের বিরুদ্ধে হয়ত পুলিশ ব্যবস্থা নিচ্ছে যাতে ভবিষ্যতে আর না করে। এটা যদি না করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে।”
খালেদা জিয়ার সিলেট যাওয়ার সময় সড়কের দুইপাশে কাউকে দাঁড়ানো না দেওয়াকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মনে করেন কি না- এই প্রশ্নে তোফায়েল বলেন, “আমার মনে হয় না।”
এর ব্যাখ্যায় তিনি বলেন, “বিএনপি যেখানেই যায় লক্ষ্য করেছি সবাই একটা আতঙ্কগ্রস্ত। সেজন্য খালেদা জিয়া যাতে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন, যাতে রাস্তায় কোনো গোলযোগ সৃষ্টি না হয়, যাতে কেউ তাকে বাধাগ্রস্ত করতে না পারে আইন প্রয়োগকারী সংস্থা সেই ব্যবস্থা নিয়েছে।”
