বিএনপির কেন্দ্রীয় নেতা রওনাক গ্রেপ্তার
পুলিশের উপর আক্রমণের পর আইন-শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ের মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম।
বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ- সম্পাদক রওনাক ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।
বৃহস্পতিবার বিকালে শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব, পরে তুলে দেওয়া হয় পুলিশের কাছে।
র্যাব- ১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে তার গাড়িবহর থেকে একদল কর্মী গত মঙ্গলবার চড়াও হয় পুলিশের উপর। তারা পুলিশের গাড়ি ও অস্ত্র ভাংচুর করে।
ওই ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। সেসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিতসহ দেড় শতাধিক জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
