খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি: রিজভী
সরকার ‘মাইনাস ওয়ান ফর্মুলা’ বাস্তবায়ন করতে নীলনকশার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশেই বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হাজার হাজার মামলা এবং এখন মামলাগুলোয় তাড়াহুড়া করে রায়ের ব্যবস্থা করা হচ্ছে। এসবের আসল উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচন।
“জনগণের বুঝতে বাকী নেই এসব হচ্ছে- নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের নীল নকশা। জনগণের বুঝতে বাকী নেই আগামী নির্বাচনকে সামনে রেখে দখল ও হরণের নীতি বাস্তবায়ন করতেই ‘মাইনাস ওয়ান’ ফর্মুলার নীলনকশা এঁটেছেন শেখ হাসিনা।”
ওয়ান ইলেভেন শেখ হাসিনা শিক্ষা নেননি মন্তব্য করে রিজভী বলেন, “আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দুঃশাসনের কালো রাত শেষ হয়ে এসেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে বেগম জিয়ার মামলা নিয়ে সরকার কোনো হীন পরিকল্পনা করে থাকলে শেখ হাসিনার সরকার নিজেদের পতন থেকে আত্মরক্ষা করতে পারবে না।
“এদেশের মানুষ মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিরোধে অনঢ় প্রস্তুতি গ্রহণ করে আছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলার রায় দেওয়ার দিন রয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি।
এ রায় সম্পর্কে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাহজাহান খান, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমসহ সরকারি দলের নেতা দের আগাম বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন রিজভী।
“আদালতকে প্রভাবিত করে তারা বেগম খালেদা জিয়াকে সাজা দিতে চাচ্ছে। তা না হলে তারা কিভাবে বলেন খালেদা জিয়াকে জেলে যেতে হবে? আদালতের সিদ্ধান্ত তারা জানলেন কী করে?
“আইন যদি নিজস্ব গতিতে চলে সরকারের মন্ত্রীরা তো রায় জানার কথা নয়। নিশ্চয় তারা কিছু সাজিয়ে রেখেছেন এবং আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার অশুভ ইচ্ছা পূরণের প্রচেষ্টা চালাচ্ছে।”
বিভিন্ন জেলায় দলের নেতাকর্মীর ওপর পুলিশের নিপীড়ন-নির্যাতনসহ গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানান রিজভী।
