২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা নেতাদের নিয়ে বসবেন বসুন্ধরার রাজদর্শনে

আগামী ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাটি ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 05:01 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

ওই সভায় খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির ৫০২ সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় রায়ের দিন ৮ তারিখ নির্ধারণ হওয়ার পর ডাকা এই সভায় ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা হবে বলে বিএনপি নেতারা জানাচ্ছেন।

জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর বাদে রোববার এই সভা ডাকার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   

সোমবার তিনি বৈঠকের স্থান নির্ধারিত হওয়ার কথা জানান।

রিজভী বলেন, “জাতীয় নির্বাহী কমিটির এই সভা হবে বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শনে’। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সভা চলবে।”

ভোটের বছরের শুরুতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন ঠিক করার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যে ডাকা এই সভায় সব সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Image
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া; ওই কাউন্সিলের পর ৫০২ সদস্যের কমিটি ঘোষণা হয় (ফাইল ছবি)

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া; ওই কাউন্সিলের পর ৫০২ সদস্যের কমিটি ঘোষণা হয় (ফাইল ছবি)

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির গঠন করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও এটাই বর্তমান কমিটির প্রথম বৈঠক।

এই বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারাদেশে শাখাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলার রায় দেওয়ার দিন আগামী ৮ ফেব্রুয়ারি ঠিক হওয়ার পর থেকে পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চলছে।

বিএনপি দাবি করে আসছে, খালেদা জিয়াকে শাস্তি দিয়ে নির্বাচন থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এই রায়টি দেওয়া হচ্ছে। রায়ে খালেদার শাস্তি হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও রয়েছে বিএনপি নেতাদের।

বিএনপির কমিটি গঠন সংক্রান্ত সংবাদ

মির্জা ফখরুল অবশেষে বিএনপির মহাসচিব  

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

সাকাপুত্র হুম্মাম বিএনপির নতুন কমিটিতে

ইলিয়াস আলীর স্ত্রী খালেদার উপদেষ্টা পরিষদে

পুরনো খবর:

২ বছর পর কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকলেন খালেদা