২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ বছর পর কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকলেন খালেদা

গঠনের দুই বছর পেরিয়ে যাওয়ার পর জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের আগে বিএনপির সর্বোচ্চ কেন্দ্রীয় ফোরাম জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 08:10 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

আগামী ৩ ফেব্রুয়ারি এই বৈঠকটি হবে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার জানিয়েছেন।

তার আগে রোববার রাতে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গেও বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।

রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আগামী ৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হবে ঢাকায়। এজন্য  সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

“এই বৈঠকটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন,” বলেন রিজভী।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ৫ শতাধিক। বৈঠকের স্থান কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির গঠন করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও এটাই বর্তমান কমিটির প্রথম বৈঠক।

এই বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারাদেশে শাখাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলার রায় দেওয়ার দিন আগামী ৮ ফেব্রুয়ারি ঠিক হওয়ার পর থেকে পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চলছে।

বিএনপি দাবি করে আসছে, খালেদা জিয়াকে শাস্তি দিয়ে নির্বাচন থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এই রায়টি দেওয়া হচ্ছে। রায়ে খালেদার শাস্তি হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও রয়েছে বিএনপি নেতাদের।

বিএনপির কমিটি গঠন সংক্রান্ত সংবাদ

মির্জা ফখরুল অবশেষে বিএনপির মহাসচিব  

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

সাকাপুত্র হুম্মাম বিএনপির নতুন কমিটিতে

ইলিয়াস আলীর স্ত্রী খালেদার উপদেষ্টা পরিষদে

Image
জোটের বৈঠকে খালেদা জিয়া

জোটের বৈঠকে খালেদা জিয়া

জোট নেতাদের নিয়ে বৈঠক

রাতে গুলশানে নিজের কার্যালয়ে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনা করেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকে জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল হালিমও জোটভুক্ত অন্য শরিক দলগুলোর নেতারা ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন বৈঠকে।

এছাড়াও ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,  ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার রেহানা প্রধান, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি।

পুরনো খবর:

রায় ঘিরে পাল্টাপাল্টি হুঁশিয়ারি