‘হোয়াট ইজ ইনক্লুসিভ’
সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা উড়িয়ে দিয়ে এ বিষয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের এই মন্ত্রীর প্রশ্ন: জীবন আর মৃত্যুকে আলিঙ্গন করার নাম ইনক্লুসিভনেস?
বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের প্রতি আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন মহল। জনগণের ভোটাধিকার রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকরাও এ বিষয়ে বলে আসছেন।
এ বছর শেষ দিকে জাতীয় নির্বাচন সামনে রেখে এখন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণকে ‘ইনক্লুসিভ’ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছে বিএনপি।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে ওই বক্তব্য আসার পরদিন সংসদে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, “আজকাল একটা শব্দ খুব শুনতে পাই। ইনক্লুসিভ ইলেকশন। হোয়াট ইজ ইনক্লুসিভনেস?
“ধ্বংসের শক্তিকে, জীবন আর মৃত্যুকে আলিঙ্গন করার নাম ইনক্লুসিভনেস? আমরা অনবরত জানাজা পড়ার গণতন্ত্র চাই?”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বিএনপি বা কোন দল আসল না আসল তাতে নির্বাচনের বৈধতা থেমে থাকে না। ’৭০ এর নির্বাচন বর্জন করেছিল ভাসানী। সেই নির্বাচন ছিল পরবর্তীতে নিয়ামক শক্তি।”
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এখন কারও কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।
তিনি বলেন, “পেছনে কে হই চই করল, হুক্কা হুয়া করল, তা দেখার সময় আমাদের নেই।”
নির্বাচন নিয়ে বিএনপি ‘বরাবরের মতো ষড়যন্ত্র’ শুরু করেছে মন্তব্য করে মতিয়া বলেন, “তারা গেল নির্বাচন বর্জন করে ভুল করল এবং তা প্রমাণ করল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালের নির্বাচনের আগে তিনি (খালেদা জিয়া) ও তার দল সন্ত্রাস করেছে। তাদের গণতন্ত্র হচ্ছে রাজাকার খুনি জঙ্গিদের গণতন্ত্র।
“যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ষড়যন্ত্র-ছলচাতুরি না করে তার দলকে নির্বাচনে আসার আহ্বান জানাই।”
সরকার পতন আন্দোলনে বিএনপির ব্যর্থ হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সাপ সোজা হয় মরলে...গেলেন ৫ জানুয়ারির নির্বাচনের পর। কখন পতন হবে? দিন গেল মাস গেল আশা পূরণ হল না। ৫ এপ্রিল বাড়ি চলে গেলেন।
“নিরাসক্ত দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে, এই পরিবারটি শুধু গণতন্ত্রের শত্রু নয়, তারা দেশের সম্পদ লুট করে এবং ধ্বংসে জড়িত। এটাই জিয়াউর রহমানের পরিবার।”
