২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকে হুমকি দিচ্ছে বিএনপি: কাদের

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘যেনতেন প্রকারে’ রায় দিলে জনগণ তা মেনে নেবে না-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 10:39 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতারা আদালতকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শনিবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, “৮ ফেব্রুয়ারি রায় কী হবে, এর আগেই বিএনপি রায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। রায় তাদের পক্ষে না গেলে... তারা আদালতকে হুমকি দিচ্ছে। 

“যেনতেন রায়ের অর্থটা কী? বাংলাদেশের আদালতের রায়কে মির্জা ফখরুল কি এভাবে খাটো করছেন? আমি মনে করি, তার এই মন্তব্য আদালত অবমাননার শামিল।”

তিনি বলেন, “আদালত কি বিএনপিকে বলে দিয়েছে যে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় যেনতেনভাবে হবে? মির্জা ফখরুল কী করে জানলেন, আদালতের রায় বিপক্ষে যাবে? এই রায় সরকার দিচ্ছে না, আদালত দিচ্ছে।”

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদে সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।

অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

এই রায় ঘোষণা নিয়ে দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “এত সোজা নয়, বেগম খালেদা জিয়াকে আপনারা যেনতেন প্রকারে একটা রায় দেওয়ার ব্যবস্থা করবেন, দেশের মানুষ সেটা মেনে নেবে না। সঠিক বিচার করতে হবে, ন্যায়বিচার হতে হবে।”

তার এই বক্তব্যের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম ও তার দলের নেতারা মামলার রায়কে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় এই দলের হাতে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় এলে কোনোটিই নিরাপদ নয়।”

কোনো বিষয় বিএনপির পক্ষে না গেলেই তারা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি নির্বাচনে না জিতলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, আদালতের রায় পক্ষে না গেলে বলে আদালত পক্ষপাতিত্ব করছে।

“যারা আদালত, গণতন্ত্র, আইন ও আইনের শাসন মানে না তাদের মুখে এসব কথা মানায় না।”

জাতীয় জাদুঘরে শিল্পী হাশেম খানের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।  অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, স্থপতি রবিউল হোসাইন, শিল্পী রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য দেন।