রায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঙ্গত নয়: ফখরুল
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের পরের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য সঙ্গত নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে সদ্যপ্রয়াত সাহিত্যিক শওকত আলীর বাসায় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের এই মন্তব্য।
মির্জা ফখরুল বলেন, “আমরা এখনো রায়টা পাইনি। আইনগতভাবে নীতিগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেইভাবে বলতে পারব না।
“স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে আজকে কথা বলেছেন। এই কথা বলা কোনোমতেই সঙ্গত নয়। তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, যা দিয়ে তিনি গোটা আইনশৃঙ্খলা পরিবেশকে ..। এ থেকে এটা পরিষ্কার বুঝা যায় যে, তারা কী চিন্তা করছেন?”
৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাদের চেয়ারপারসনের মামলায় ‘নেতিবাচক’ কোনো রায় হলে তার পরিণতি ‘ভয়াবহ’ হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
পাল্টাপাল্টি এই বক্তব্যের মধ্যেই শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়ার মামলার রায় ‘নজিরবিহীন’ দ্রুততার সাথে করা হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, “দেশনেত্রীর আইনজীবীরা পরিষ্কার করে বলেছেন যে, ‘জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড’।
“কারণ তারা (ক্ষমতাসীন) কর্ণপাত করছেন না। তারা ডিটারমাইন্ড যে, তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে এবং সেজন্যই তাড়াহুড়া করে বিচার কাজ শেষ করা এবং এ সমস্ত কমেন্ট করা। আমরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাহলে কোথায় যাবেন?”
বিকালে বিএনপি মহাসচিব রাজধানীর টিকাটুলীর কে এম দাশ লেনের ‘বিরতি ভিলা’ বাসায় গিয়ে প্রয়াত ঔপন্যাসিক শওকত আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি তার জ্যেষ্ঠ ছেলে আসিফ শওকত কল্লোল, তার স্ত্রী ফারজানা আফরোজ পারুলসহ আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন; তাদের খোঁজ-খবর নেন।
মির্জা ফখরুল যে কক্ষে শওকত আলী থাকতেন, সেখানে গিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি সম্মান জানান।
তিনি বলেন, “কথা সাহিত্যিক অধ্যাপক শওকত আলী আমার শিক্ষকই ছিলেন বলা যায়। আমি যখন স্কুলের ছাত্র তখন তিনি আমার জন্মভুমি ঠাকুরগাঁও কলেজে অধ্যাপনা করতেন। তিনি আমার পড়া জগতকে পাল্টিয়ে দিয়েছিলেন সেই শৈশবে। ভালো সাহিত্য পড়তে এবং সৃজনশীল লেখা পড়তে, পৃথিবী ও মানুষকে জানবার জন্যে যে সাহিত্য, সেই সাহিত্য পাঠে আমাকে মনোযোগী করেছেন। তিনি আজীবন দেশের মানুষের কাছে বেঁচে থাকবেন তার সাহিত্যের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে।”
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিংবদন্তি কথাশিল্পী শওকত আলী ৮২ বছর বয়সে মারা যান।
