২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতা তৈমুর আলম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে অস্ত্র ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 01:51 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন তারা।

তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন মামলার আসামি তিনি।    

এর মধ্যে ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের একটি ঘটনায় পুলিশের করা মামলায় তৈমুর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদ এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।

তারা এক বিবৃতিতে দাবি করেন, দুপুরে নারায়ণগঞ্জ আদালত এলাকা থেকে তৈমুরকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

“এটা বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের দমননীতির একটি ন্যক্কারজনক কাণ্ড। সম্প্রতি নারায়ণগঞ্জে শাসক দলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাত ও সন্ত্রাসের ফলে দেশব্যাপী আওয়ামী লীগ ও তার সরকার সম্পর্কে যে সমালোচনার ঝড় বইছে তা আড়াল করে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই তৈরকে গ্রেপ্তার করা হয়েছে।”

তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।