খালেদার জন্য খুলেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন
খালেদা জিয়া উপস্থিত হওয়ার পর খুলে দেওয়া হয়েছে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের দ্বার, যেখানে ছাত্রদলের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
মঙ্গলবার বেলা ২টায় এই সভা শুরুর কথা থাকলেও তখন নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মিলনায়তনের দ্বার বন্ধ দেখে বিক্ষোভ শুরু করেছিলেন।
বিকাল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে পৌঁছে বিএনপি চেয়ারপারসন তার গাড়িতে অবস্থান নেন। বিএনপি নেতারা বলেছিলেন, তিনি সমাবেশ না করে যাবেন না।
খালেদা জিয়ার গাড়ি ঘিরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা সড়কেও ছড়িয়ে পড়লে গাড়ি চলাচলে বিঘ্ন ঘঠে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ফটকে তালা থাকায় খালেদা জিয়া গাড়িতেই বসে ছিলেন- ছবি: বাবুল তালুকদার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “সমাবেশ করতে পুলিশের অনুমতিও আমাদের নেওয়া হয়েছিল। কিন্তু কোনো ইঙ্গিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ মিলনায়তন বন্ধ রেখেছে।”
এরপর বিকাল ৪টা ২০ মিনিটে ছাত্রদল সভাপতি রাজীবুল হাসান ঘোষণা দেন, এই মাত্র ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছে যে ‘দেশনেত্রী খালেদা জিয়ার সম্মানে’ মিলনায়তন খুলে দেওয়া হচ্ছে।
তখন ছাত্রদলের নেতাকর্মীরা মিলনায়তনে ঢুকতে থাকেন। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে খালেদা জিয়াও গাড়ি থেকে নেমে মিলনায়তনে ঢোকেন।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল এই সভার আয়োজন করে। সকালে ছাত্রদল নেতারা জানতে পারেন, সভা করতে পারছেন না তারা।
সকালে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অর্থাৎ পুলিশের অনুমোদন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল।
“আজ সকাল ১০টার দিকে ছাত্রদলের নেতারা মঞ্চ নির্মাণের জন্য যায়, তখন দেখে প্রধান গেইটে তালা। হঠাৎ করে এভাবে অনুষ্ঠান করতে না দেওয়া, গড়িমসি করা- এটা অত্যন্ত পরিষ্কারভাবে গণতান্ত্রিক যে অধিকারগুলো, সেই অধিকারকে খর্ব করার শামিল বলে আমরা মনে করি।”
তবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতির অনুষ্ঠান থাকায় ‘নিরাপত্তার স্বার্থে’ মিলনায়তন খুলতে দেরি করা হয়।
