ঔপনিবেশিক শক্তির মতো শাসন চালাচ্ছে সরকার: মঈন খান
আওয়ামী লীগ সরকার ‘ঔপনিবেশিক শক্তি’র মতো দেশের মানুষকে শোষণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
তিনি রোববার এক আলোচনা অনুষ্ঠানে বলেন, “আজকের সরকার কী করছেন? তারা শাসন করছেন, শোষণ করছেন। তাদের যে কার্যকলাপ, যারা বৃটিশ শাসন দেখেছেন তাদেরকে যখন জিজ্ঞাসা করি, তারা বলেন, একটি ঔপনিবেশিক শক্তিও কোনোদিন এমন শাসন বা শোষণ করে নাই, যেভাবে আজকের সরকার করছে।”
সরকারের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, “আমি মাঝে মধ্যে পত্রিকায় দেখি, বাংলাদেশ না কি বিশ্বের রোল মডেল। কীসের রোল মডেল? বলতে কি লজ্জা হয় না?
“আমরা গণতন্ত্রকে হত্যা করেছি, আমরা উন্নয়নের নামে এদেশে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছি। আমরা এদেশের দরিদ্র মানুষের উন্নয়নের নামে গুটিকয়েক মানুষের উন্নয়ন নিশ্চিত করেছি।”
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ‘মুক্তিযুদ্ধের মতো একতাবদ্ধ’ হয়ে সংগ্রাম করার আহ্বান জানান মঈন খান।
জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী ইউনির্ভাসিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘রক্তঝরা মতিহার: মৃত্যুঞ্জয়ী রুহুল কবির রিজভী’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মঈন খান।
অনুষ্ঠানে বক্তৃতায় রিজভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনার আবার ভোট চাওয়ার দরকার কী? আপনি তো গত পরশুদিনই একটা অদ্ভুত নির্বাচন করলেন, ভোটাররা নাই, ভোটাররা যাওয়ার আগেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেছে, নৌকার মার্কায় সিল পড়ে গেছে। আপনার তো ভোট চাওয়ার দরকার নাই।”
নির্বাচনের আবহ বিদেশিদের দেখাতে প্রধানমন্ত্রী ভোট চাইছেন মন্তব্য করে তিনি বলেন, “এটা প্রধানমন্ত্রীর তামাশা ছাড়া আর কিছুই না।
“আজকে প্রধানমন্ত্রী যদি জরিপ করেন ১% ফলাফলও আসবে না তার অধীনে মানুষ চায় নির্বাচন করতে। মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক।”
সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও মল্লিক মো. মোজাম্মেল কবীরের পরিচালনায় এই আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, রমেশ চন্দ্র দত্তসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতারা বক্তব্য রাখেন।
