২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ভেতরের কথা কাদের জানেন কীভাবে: রিজভী 

ঢাকা উত্তরে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষাপটে তাদের দলের কোনো নেতার সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের যোগাযোগ রয়েছে কি না সেই সন্দেহ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “আমাদের দলে কে মনোনয়ন পাবেন, না পাবেন- সেটা আরেক দলের সাধারণ সম্পাদক বলছেন। তাহলে আমাদের নেতাদের বাড়ির কারও সাথে, কোনো পরিবারের সদস্য বা অন্য কারও সাথে তাদের কি ক্রমাগত যোগাযোগ আছে না কি যে উনারা আগাম খবর পেয়ে যাবেন?”

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে বিএনপির গতবারের প্রার্থী তাবিথ আউয়ালই আবারও মনোনয়ন পাবেন বলে আলোচনা চলছে।

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

তাবিথের বাবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুও দলের মেয়র প্রার্থী হিসেবে ছেলের নাম ঘোষণা করেছেন বলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এই যে দেখুন, বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। হঠাৎ করে নিজের ছেলেকে প্রার্থী বলে দিলেন, এতেই বোঝা যায়, কোন দলে গণতন্ত্র আছে, কোন দলে নেই। কেমন গণতন্ত্র বাবা তার ছেলের নাম ঘোষণা করে!”

সম্প্রতি প্যারাডাইস পেপার্সে তাবিথের নাম আসার কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তবে রিজভী বলছেন, এই উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “মনোনয়নের বিষয়টি আমাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। গতবার যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তারও বক্তব্য গণমাধ্যমে আজ এসেছে। তিনি বলেছেন যে, দল যাকে মনোনয়ন দেবে সে নির্বাচন করবেন। নির্বাচনের তফসিলও ঘোষণা হয়নি। দল এখনও প্রার্থী চূড়ান্ত করেনি। তাহলে কীভাবে অন্য দলের সাধারণ সম্পাদক আগাম খবর বলছেন?”

দেশের বিভিন্ন জেলায় বুধবার অনু্ষ্ঠিত স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের অধিকাংশেই ‘অনিয়ম ও সন্ত্রাসী তাণ্ডব’ হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

এদিন দেশের ১২৬টি ইউনিয়ন পরিষদ-পৌরসভা-জেলা পরিষদে নির্বাচন, উপ-নির্বাচন ও পুনঃনির্বাচনের ভোট হয়, যার বেশিরভাগেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্র্রার্থীরা জয়ী হয়েছেন।

রিজভী বলেন, “গতকাল অধিকাংশ স্থানে অনিয়ম হয়েছে। প্রায় সবগুলোতে সন্ত্রাসী তাণ্ডব চলেছে।

যে দুই-চারটাতে আমরা জিতেছি, সেখানেও ভোটের ব্যবধান অনেক বেশি হত। তারা (ক্ষমতাসীন দল) দুই-এক জায়গায় অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ভোটের গণনায় পারেনি।”

বৃহস্পতিবার বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ইউনুস মৃধা, মো. মোহন, মহানগর উত্তরের আখতার হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি করেন রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

এ কেমন গণতন্ত্র যে বাবা বলে ছেলের নাম: কাদের