২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই চাচ্ছে আমাদের: এরশাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব পক্ষই জাতীয় পার্টিকে পাশে চাচ্ছে বলে মনে করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 08:31 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

বুধবার বিকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে-ভিউতে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে একদিনের সফরে চট্টগ্রাম এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

চলতি মাসের শুরুতে ঢাকায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে জাতীয় পার্টির সাথেও বিএনপির জোট হতে পারে বলে মন্তব্য করেন।

ফখরুলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, “উনি কী  বলেছেন সেসম্পর্কে আমার কোনো ধারণা নেই।

“মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বললেন, তার মানে জাতীয় পার্টি নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সবাই চাচ্ছে আমাদের।”

এরশাদ বলেন, “আমরা কোথায় যাব, কিভাবে নির্বাচন করব সেটা ডিপেন্ড করবে আমাদের উপর। কর্মীদের ওপর এবং নেতাদের উপর। আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব, আগামী নির্বাচন আমরা কিভাবে করব।

“আমার মনে হয় আগামী নির্বাচনে জাতীয় পার্টি অনেক ভাল করবে এবং জাতীয় জীবনে একটা মূল্যবান উপহার দেব।”

তিনি বলেন, “আমার কথা হলো- আমরা একা নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আপাতত একটা জোটে আমরা আছি। আগামীতে কি হবে, কিভাবে নির্বাচন হবে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে সম্ভব নয় এখন।”

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনকে ‘সুষ্ঠু ‍ও নিরপেক্ষ’ দাবি করে এরশাদ বলেন, “আমি রংপুরে নির্বাচন করে আসলাম। নির্বাচনের আগে বলেছিলাম নির্বাচন কমিশনের এটা পরীক্ষা। একটা সুষ্ঠু নির্বাচন তারা করতে পারে কি না তার প্রথম পরীক্ষা।

“সে পরীক্ষায় নির্বাচন কমিশন উর্ত্তীণ হয়েছে। রংপুর নির্বাচন আদর্শ নির্বাচন হয়েছে। এখানে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার মনে হয় প্রথমবারের মত বাংলাদেশে এত সুন্দর একটা নির্বাচন করতে পেরেছে।”

রংপুরে নির্বাচনের সাফল্য জাতীয় পার্টি জাতীয় নির্বাচনে ধরে রাখতে পারবে কি না জানতে চাইলে এরশাদ বলেন, “এ সমন্ধে কথা বলা আমার উচিত হবে না। কেননা আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। আমরা এখন সংগঠিত হচ্ছি।

“আমাদের তিনশ আসনে প্রার্থী আছে। কতজন প্রার্থী জয়ী হতে পারবে সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। তবে কর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আমার মনে নির্বাচনে আমরা ভালো করব।”

‘ব্যাংক তো খালি হয়ে গেছে’

দেশে কর্মসংস্থানের অভাব এবং বিদেশি বিনিয়োগ বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে এরশাদ বলেন, “তুমি রাজনৈতিক প্রশ্ন কর। ব্যাংক তো খালি হয়ে গেছে। সেসব আমি কিছু বলতে চাই না।

“আমাদের দেশের যুব সমাজের মধ্যে এত অসন্তোষ কেন? কর্মসংস্থান নাই, বিদেশি বিনিয়োগ নাই। তার ফলে ‍যুবসমাজ বিপথে চলে যাচ্ছে। অনেকে মাদকের আশ্রয় গ্রহণ করছে। এটা আমাদের জন্য ভালো খবর নয়। জাতির জন্য এটা লজ্জাজনক কথা।”

তিনি বলেন, “তাই সরকারের প্রয়োজন এখন বিদেশি বিনিয়োগ নিয়ে আসা। নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা। না হলে সমাজে একটা অশান্তি সৃষ্টি হয়েছে এটা বৃদ্ধি পাবে।”

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডেয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের নেতা সোলায়মান আলম শেঠ, মোরশেদ মুরাদ ইব্রাহিম ও মেহজাবীন মোরশেদ।