২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাব নিয়ে আপনিই তৈরি হোন: খালেদাকে আনিসুল

প্রধানমন্ত্রীকে পাঠানো উকিল নোটিসের জবাবের অপেক্ষায় না থেকে খালেদা জিয়াকে নিজের দুর্নীতির বিষয়ে জনগণের সামনে জবাবদিহির প্রস্তুতি নিতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 12:34 AM

Updated : 19 Aug 2022, 06:14 PM

শুক্রবার বিকালে আখাউড়া স্থলবন্দরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে উকিল নোটিস পাঠিয়েছেন, সেটি একটি আইনি প্রক্রিয়া। আইনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। আমরা রাস্তা-ঘাটে কিছু বলব না।”

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বিএনপি চেয়ারপারসনের দুর্নীতির খবরের ভিত্তিতে তারা এই অভিযোগ তুলছেন বলে দাবি করেন আইনমন্ত্রী।

খালেদার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনিই তৈরি হোন, আপনি জনগণের কাছে কী জবাব দেবেন।”

সম্প্রতি দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি মামলায় বিচারের মুখে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সৌদি আরবে।

ওই খবর বেশিরভাগ সংবাদমাধ্যমে না আসায় উষ্মা প্রকাশ করে বিষয়টি নিয়ে গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী।

ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে বুধবার খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিসে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে তা সংবাদমাধ্যমে প্রচারের ব্যবস্থা করার দাবি করা হয়। ৩০ দিনের মধ্যে তা করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

দুর্নীতির এসব খবরের ভিত্তিতে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের কোনো সত্যতা নেই বলে বিএনপি নেতারা দাবি করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, তাদের এসব অভিযোগ তথ্যভিত্তিক।

২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা ঢাকার বিভিন্ন আদালতে বিচারাধীন। এর মধ্যে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

মুদ্রা পাচারের একটি মামলায় খালেদার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইতোমধ্যে সাত বছরের সাজা দিয়েছে হাই কোর্ট।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ কয়েক ডজন মামলার পলাতক আসামি তারেক গত নয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

অনুষ্ঠানে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, নতুন নিয়ে ব্যাংক বুথ চালুর সুফল ভোগ করতে পারবেন যাত্রীরা। এর মধ্য দিয়ে ভ্রমণ কর জমা দেওয়া নিয়ে ‘জটিলতার’ অবসান হতে চলেছে।

নতুন নিয়মে এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থলবন্দরের ব্যাংকের বুথ খোলা থাকবে।

এর আগে মন্ত্রী ফিতা কেটে স্থল বন্দরে সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সোনালী ব্যাংকের বুথ ৩৬৫ দিন খোলা রাখার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম. শাহরিয়ার মোল্লা, কুমিল্লার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. মাহবুবুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (অতিঃ ডিআইজি) সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুখলেছুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল বক্তব্য দেন।

পুরনো খবর:

বিদেশে সম্পদের খবর: প্রধানমন্ত্রীকে খালেদার উকিল নোটিস
খালেদার নোটিস হাতে পেলে তারপর জবাব: আইনমন্ত্রী