পিঠ বাঁচাতে পাল্টা আক্রমণে আ. লীগ: খসরু
নিজেদের অনিয়ম দুর্নীতির জন্য যাতে প্রশ্নের মুখে পড়তে না হয় সেজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বলে দাবি করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে ‘শপিং মল’ করাসহ অর্থপাচারের যে অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছিলেন, সেই প্রসঙ্গে আলোচনায় ওই দাবি করেন খসরু।
ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তার কাছে পাঠানো উকিল নোটিসের জবাবের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় আমীর খসরু বলেন, “তাদের (সরকার) দুর্নীতি এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন পাল্টা আপনার বিরুদ্ধে দুর্নীতির কতগুলো কাহিনী প্রচার করছে।ওই সব কাহিনী আওয়ামী কারখানা থেকে তৈরি হয়। এটা হচ্ছে তাদের টেকনিক- অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স।
“এসব কাহিনী সম্পূর্ণভাবে মিথ্যা।আমরা উকিল নোটিস দিয়েছি। আমরা ওই নোটিসের জবাবের অপেক্ষায় আছি।”
খালেদা জিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ নিয়ে এক আওয়ামী লীগ নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি বলেছেন, আমাদের নাকি এখন এটা প্রমাণ করতে হবে। চিন্তা করেন কোন পর্যায়ে তারা গেছে। আমার বিরুদ্ধে আপনি কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন কথা। তাদের দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা।
“এখন উল্টো বলছে বিএনপিকে নাকি প্রমাণ করতে হবে। কারণ তাদের হাতে তো কিছু নাই। যারা এটাকে তাদের কারখানায় তৈরি করে জনগণের সামনে তুলে ধরেছিল, তা এখন দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে গেছে। এই কাজগুলো আওয়ামী লীগ আত্মরক্ষার জন্য করছে। উদ্দেশ্য একটাই- বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রেখে দেশনেত্রী যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, উনার যাতে কোনো ভূমিকা না থাকে। সেই কাজটি করা।”
এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাগরণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে এই আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
