২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মারামারি, আহত ৩

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আঞ্চলিক দুটি গ্রুপের মারামারিতে তিন জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 12:03 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই চত্বরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আহত মাকসুদুল হাসান, অনিক ও শাহাদাত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সপ্তদশ ব্যাচের ছাত্র।

প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, নবীন এক ছাত্রকে নিজেদের দলে পাওয়া নিয়ে ঢাকা ও কুমিল্লা গ্রুপ নামে পরিচিত ওই দুই দলের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়ায়।

ঢাকা গ্রুপের অনুসারী  রিয়াজ সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত তিনজনেই তাদের সদস্য।

মারামারিতে মাকসুদুল মাথায় আঘাত পেয়েছেন। অনিকের ডান হাত কেটে গেছে এবং শাহাদাত ধস্তাধস্তিতে আহত হয়েছেন।

তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মাকসুদুল বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুদ্র নাথ টিটুনের নেতৃত্বে ২০-২৫ জন আমার  এবং আমার বন্ধুদের মারধর করেছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত তিন জনের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নেব।” 

মারামারির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “আমরা দুই পক্ষকেই অভিযোগ দিতে বলেছি । ছাত্রলীগকে সুরহা করতে বলেছি। তারা না পারলে আমরা তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেব।”