২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠক

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে দেখা করে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 09:54 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

ঢাকা সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রয়েছেন হোটেল সোনারগাঁওয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেন খালেদা।

বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সহায়তা করবে তুরস্ক।

“রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যার উদ্ভব হয়েছে, তা সরেজমিনে দেখার জন্য ও রোহিঙ্গাদের কীভাবে তাদের দেশে সসম্মানের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে ফেরত নিয়ে যাওয়া যায়, তার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে তারা এখানে এসেছেন।

“তুরস্ক সরকার ও তাদের জনগণ রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। সেজন্য তারা প্রথম থেকে কাজ করছেন। উনারা (তুরস্ক) মনে করেন যে রোহিঙ্গাদের তাদের দেশে নিজ বাসভুমিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং পুরোপুরিভাবে একটা স্থায়ী সমাধান করা প্রয়োজন।”

এজন্য তুরস্ক বিভিন্ন দেশ এবং সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে বিএনপি চেয়ারপারসনকে জানিয়েছেন ইলদিরিম।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে শুরু থেকেই সোচ্চার মুসলিম দেশগুলোর জোট ওআইসির বর্তমান চেয়ার তুরস্ক। দেশটির ফার্স্ট লেডি এমাইন এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন।

ইলদিরিমের সঙ্গে ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন খালেদা।

ফখরুল বলেন, “তাদের (তুরস্ক) সাথে আলাপ হয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন চলছে। আসন্ন নির্বাচনে কী অবস্থা দাঁড়াবে, সেই নির্বাচনে আমাদের ভূমিকা কী থাকবে, সরকারের ভূমিকা কেমন আছে এবং দেশ কেমন চলছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের বিষয়ে আমরা আমাদের বক্তব্য বলেছি, তারা তাদের মতামত দিয়েছেন।”

খালেদার সঙ্গে ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, এনামুল হক চৌধুরী।