শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান বাম দলগুলোর
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
কর্মসূচির আগের দিন বুধবার সকালে ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি এই আহ্বান জানানো হয়।
বিকালে হরতালের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জানানো হয়, রাজধানীর ১০টি স্থানে পিকেটিং করবেন কর্মসূচি আহ্বানকারী দলগুলোর নেতা-কর্মীরা।
হরতালের সমর্থনে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।
হরতালের সমর্থনে প্রচারে ঢাকা, চট্টগ্রাম, জয়পুরহাট, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশি বাধা এসেছে বলে অভিযোগ করেছেন বাম নেতারা।
বামদের এই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি; নতুন জোট গড়ার উদ্যোগের মধ্যে থাকা বিকল্পধারা, নাগরিক ঐক্য ও জেএসডিও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
এছাড়া তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিও এ হরতালে সমর্থন জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কয়েকটি রাজনৈতিক দল ছাড়াও ৩০ জন বুদ্ধিজীবী, ২০ জন আইনজীবী, ছাত্র-যুব-শ্রমিক-নারীসহ বিভিন্ন সংগঠন হরতালে সমর্থন জানিয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, যা কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে।
গত ২৩ নভেম্বর বিইআরসির ওই ঘোষণার পরপরই হরতালের কর্মসূচি ঘোষণা করে বাম দলগুলো। তাদের ভাষায়, বিদ্যুতের দাম বাড়ানোর ওই সিদ্ধান্ত গণবিরোধী।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সরকার এমন এক সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যখন চাল, পিঁয়াজসহ নিত্য পণ্যের দাম নিয়ে মানুষ দিশেহারা।
“বিদ্যুতের এই দাম বৃদ্ধির কারণে শ্রমজীবী মেহনতি, স্বল্প আয়ের সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয়, দুর্দশা, দুর্গতি আরও বেড়ে যাবে।”
সংবাদ সম্মেলনে বাম নেতারা
হরতাল ডাকার যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, “এখনি জনগণের উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির অত্যাচার-আঘাত প্রতিরোধ করতে না পারলে আগামী দিনগুলোতে জনগণের উপর আরও নতুন নতুন অত্যাচার নেমে আসবে।”
সাইফুল হক হরতালের সময় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভা, সমাবেশ, গণসংযোগ, পদযাত্রা ও প্রচার মিছিলের মাধ্যমে হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সেই সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক সংবাদ সম্মেলনে ছিলেন।
বিকালে হরতালের প্রচারপত্র বিলির পাশাপাশি প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাম দলগুলো।
হরতালের সমর্থনে মিছিলে বাম নেতারা
সমাবেশে সাইফুল হক বলেন, “আগামীকাল ভোর ৬টা থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মী, শুভানুধায়ীদের নিয়ে ঢাকার ১০ জায়গাতে পিকেটিং হবে। তারা রাস্তায় নামবেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য মানুষের কাছে আহ্বান জানাবেন।”
তারপরও বিদ্যুতের দাম কমানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
হরতালে কোনো ধরনের হয়রানি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল। কোনো ধরনের উস্কানিতে সাড়া দিতেও জোটের নেতা-কর্মীদের পরামর্শ দেন তিনি।
সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “ভোর ৬টা থেকে আমরা রাজপথে থাকব। যার যে দায়িত্ব, সেই অনুযায়ী আপনারা রাজপথে নামবেন।”
হরতাল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল থেকে প্রচারপত্র বিলি করেন বাম নেতা-কর্মীরা।
এদিকে বিকালে প্রেস ক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিলের এক সমাবেশ থেকেও সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার হরতালে সমর্থন জানানো হয়।
