২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম: বাম হরতালে বিএনপির সমর্থন

হরতাল সব সময় ‘জনসম্পৃক্ত’ কর্মসূচি নয়- এমন উপলব্ধির পরও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতালে ‘পূর্ণ সমর্থন’ দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 01:48 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা বৃহস্পতিবারের সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে এই হরতালের কর্মূসচি দিয়েছে।

ওই কর্মসূচিতে বিএনপির সমর্থনের কথা জানিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, “আমরা মনে করি, জনস্বার্থে এই হরতাল অত্যন্ত যুক্তিসঙ্গত। আগামীকাল বাম দলগুলো যে হরতাল ডেকেছে, আমি বিএনপির পক্ষ থেকে বিএনপি সেই হরতালকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, যা কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে।

গত ২৩ নভেম্বর বিইআরসির ওই ঘোষণার পরপরই হরতালের কর্মসূচি ঘোষণা করে বাম দলগুলো। তাদের ভাষায়, বিদ্যুতের দাম বাড়ানোর ওই সিদ্ধান্ত গণবিরোধী।

কিন্তু পরদিন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা অবশ্যই কর্মসূচি দেব। আমাদের একটা ধারণা আছে হরতাল দেওয়া মানে জনগণের সম্পৃক্ততা, এটা সব সময় সঠিক নয়।

“জনগণের সম্পৃক্ততা নিয়েই আমরা আমাদের পক্ষে যেটা সম্ভব হবে সেই কর্মসূচি দেব। আমরা জনগণের সঙ্গে আছি।”

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপি ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে টানা তিন মাস হরতাল-অবরোধ করে। ওই কর্মসূচিতে বাসে আগুন দেওয়া ও পেট্রল বোমা ছোড়ার ঘটনায় দেড়শতাধিক মানুষের মৃত্যু হয় বলে সরকারের তথ্য।

বাংলাদেশে এখন রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতালের কার্যকারিতা আদৌ আছে কি না তা নিয়ে সে সময় প্রশ্ন তোলেন ক্ষমতাসীন দলের নেতারা।

ওই তিন মাসের পর বিএনপি আর কখনো নিজেরা হরতালের কর্মসূচি দেয়নি। তবে বিভিন্ন ঘটনায় অন্য দলের হরতালে তারা সমর্থন দিয়েছে।

বাম দলগুলোর ডাকা বৃহস্পতিবারের হরতালে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্যও সমর্থন জানিয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার মানববিরোধী সরকার, এই সরকার মানবতাবিরোধী সরকার। যতদিন তারা সিংহাসন আটকে রাখবে, ততদিন জনগণ পিষ্ঠ হবে, দলিত হবে, নিষ্ঠুরভাবে তারা দমন করবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায় প্রতি সাপ্তাহে হাজিরা দিতে বাধ্য করে হয়রানির প্রতিবাদে’ জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই মানববন্ধন হয়।

রিজভী বলেন, “শেখ হাসিনা তার প্রতিহিংসা পূরণের জন্যই বেগম খালেদা জিয়াকে আইনের নামে, বিচারের নামে হয়রানি করছেন- এটা জনগণের কাছে স্পষ্ট। আমরা বলতে চাই, অনেক জুলুম করেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন, অনেক মায়ের সন্তানকে গুমের নামে লাল দেয়ালের মধ্যে আটকে রেখেছেন এদেশের প্রধানমন্ত্রী হয়ে।… এসব বন্ধ করুন।”

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, নিপুণ রায় চৌধুরী, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা মানববন্ধনে বক্তব্য দেন।