বিএনপি নেতা তরিকুলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
সরকারের ২১ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তরিকুল ইসলাম (ফাইল ছবি)
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগের প্রমাণ না পাওয়ায় সাবেক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী এবং সাবেক প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুল ইসলামকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ২০০৫ সালের ৩০ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সভায় চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের করাতকালসহ বিভিন্ন রক্ষিত অবৈধ কাঠ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেন।
“কিন্তু বাজেয়াপ্তকৃত কাঠ প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত সভায় না নিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে অথবা অন্যকে লাভবান কারার অসৎ উদ্দেশ্যে প্রকাশ্য নিলামযোগ্য কাঠ কম্পাউন্ডেবল অফেন্স রিপোর্টের (সিওআর) মাধ্যমে নামমাত্র জরিমানাসহ একক মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত প্রদান করেন।
“এর ফলে সরকারের তিন কোটি ২১ লাখ ৪২ হাজার ৬১০ টাকা ক্ষতিসাধন হয়।”
এ ঘটনায় ২০০৮ সালের ১৬ নভেম্বর দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
