২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতালে ৩ দলের সমর্থন

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েছে বিকল্প ধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক্য ঐক্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 11:10 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল বামদের

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলগুলোর যৌথ সমাবেশ থেকে হরতালে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

তিন দলের পক্ষে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব হরতালে সমর্থন ঘোষণা করে বলেন, “ভবিষতে উনারা আমাদের কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। আট বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ নিয়ে আটবার বিদ্যুতের দাম বাড়ানো হল।

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ওই দিনই বৃহস্পতিবার আধাবেলা হরতালের ঘোষণা দেয় সিপিবি-বাসদ ও বাম মোর্চা।

বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে আ স ম রব বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে সারা জাতির গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। পহেলা ডিসেম্বরে যদি বিদ্যুতের দাম বাড়ানো কার্যকর হয়, তাহলে আপনার সরকারের মৃত্যু পরোয়ানা জারি হবে। আপনার সরকারের গদিতে আগুন ধরে যাবে।”

বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই মন্তব্য করে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, জনগণের অর্থ লুটপাটের কারণে এটা করা হয়েছে।

“কুইক রেন্টালে যেসব বিদ্যুৎ উৎপাদন করছে তাদের সাহায্য করার জন্য, তাদের বেশি করে টাকা দেওয়ার জন্য এবং তাদের থেকে অংশীদারিত্বের ভিত্তিতে বর্তমান সরকারের নেতৃবৃন্দরা এই ব্যবস্থা করেছে। তারা ঘুষ খায়, এর অংশ খায়, সেই জন্য এই টাকা আমাদের দিতে হবে।”

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “কুইক রেন্টালের সময় বাড়িয়ে দিয়ে অতিরিক্ত টাকা দিয়েছেন এবং আপনি সেখান থেকে কমিশন খেয়েছেন। লুটপাটের সরকার, ধান্দাবাজের সরকার, মিথ্যাবাদী ও প্রতারক সরকার জনগণকে মিথ্যা কথা বলে লুট করার ব্যবস্থা করেছে।”