৬ কারণে বিএনপিকে বর্জন: ইনু
ছয়টি কারণ চিহ্নিত করে বিএনপিকে বর্জনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে জাসদের এক জনসভায় তিনি বলেন, “পাঁচ বছর পরপর নির্বাচনী বির্তক, নির্বাচন বানচালের পাঁয়তারা, ভুতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত, ইতিহাসের পাতাবদল, জঙ্গি উৎপাদন ও আগুন সন্ত্রাস -এই ছয় অপকৌশল ও জঙ্গিনীতির কারণে খালেদা-বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘রাজনীতি নয়, জঙ্গিনীতি করছেন’ বলে মন্তব্য করেন ইনু।
তিনি বলেন, “শুধু ডালপালা ছাঁটলেই হবে না, রাজনীতির বিষবৃক্ষ ও জঙ্গি উৎপাদনের কারখানাও উপড়ে ফেলতে হবে। শুধু জঙ্গি-সন্ত্রাসী, জামাত-যুদ্ধাপরাধীদের দমনই যথেষ্ট নয়, এদের মদদদাতা বিএনপি নেত্রীকেও বিচার-সাজার মাধ্যমে দমন ও বর্জন করতে হবে।”
‘অশান্তির ষড়যন্ত্র-চক্রান্ত’ মোকাবেলা করেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।
জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে জাসদ নেতা শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য ১৪ দলে প্রস্তাব দেবেন বলেও প্রতিশ্রুতি দেন দলের সভাপতি ইনু।
জাসদ মহানগর (পূর্ব) সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।
